ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এহছানুল হক মিলনের চাঁদপুরের গ্রামের বাড়ির বেশকিছু গাছ শুক্রবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
আওয়ামী লীগ কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী।
তিনি বলেন, এর আগেও দুবর্ৃৃত্তরা কচুয়া উপজেলার বায়েক গ্রামের ওই বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছিল।
এলাকাবাসী অমর দাস ও জাহাঙ্গীর জানান, তারা সকালে এসে দেখেন বাড়িটির শতাধিক কলা, পেঁপে, আম ও নারকেল গাছসহ অন্যান্য বনজ গাছ কেটে রেখে গেছে।
ওই সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানান কচুয়া থানার ওসি সন্তোষ বড়ুয়া।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে কোনো মামলা না হওয়ায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এটা একটা মিথ্য অভিযোগ। তারা নিজেরা গাছ কেটে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে বলে তিনি জানান।
আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের গাড়িবহরে ভাংচুরের মামলায় গত ১৫ এপ্রিল তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান মিলন। অন্য কয়েকটি মামলায় বর্তমানে তিনি কুমিল্লা কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/ডিডি/১৮১৫ ঘ.
bdnews24