২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক রাতে ১০ দোকানে ডাকাতি, আহত ৮

পিরোজপুরে একটি বাজারে শনিবার ভোররাতে ১০টি দোকানে লুটপাট চালিয়েছে ডাকাত দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2010, 12:53 PM

Updated : 24 Aug 2022, 08:33 PM

পিরোজপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরে একটি বাজারে শনিবার ভোররাতে ১০টি দোকানে লুটপাট চালিয়েছে ডাকাত দল। ডাকাতের হামলায় আহত হয়েছেন আটজন ব্যবসায়ী ও কর্মচারী। ডাকাত দল লুণ্ঠন শেষে বোমা ফাটিয়ে চলে যায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, ডাকাতির খবর পাওয়ার পর পুলিশ আসতে দেরি করেছে। তবে পুলিশ বলছে, তারা দ্রুতই ঘটনাস্থলে যায়। নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বন্দর বাজারে শুক্রবার ডাকাতির ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। বাজার কমিটির সভাপতি কালাচাঁদ হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাত দল রাত ২টার দিকে শাওন জুয়েলার্সে হানা দেয়। তারা লোহার শাবল দিয়ে ঘরের ঝাঁপ ভেঙ্গে ফেলে। এরপর লোহার সিন্দুক ভেঙ্গে গহনা ও নগদ অর্থ লুটপাট করে।" ডাকাতরা চৈতী জুয়েলার্স, শংকর সমাদ্দার জুয়েলার্স, মিতালী জুয়েলার্স, মা-মনি জুয়েলার্স, অনুপ জুয়েলার্স, সিথী জুয়েলার্স ও প্রিয়াংকা জুয়েলার্সসহ নয়টি দোকানে লুটপাট চালায়। ডাকাতির সময় নৈশ প্রহরীরা এগিয়ে এলে তাদের কয়েকজনকে ডাকাতরা বেঁধে ফেলে বলে ব্যবসায়ীরা জানান। কালাচাঁদ বলেন, ডাকাকদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আটজন ব্যবসায়ী ও কর্মচারী আহত হন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- আরিফ মোল্লা (২৫), সাইফুল বেপারী (২০), মাসুম হাওলাদার (২৫), গৌরাঙ্গ কর্মকার (৪৫) ও উজ্জল ঢালি (১৮) সমীর চন্দ্র শীল (২৫), সুমন ঢালি (২৪) ও মো. বাদশা (৩০)। দোকানের পর ডাকাত দল বন্দরের জুতা ব্যবসায়ী আব্দুর রব খানের বাসায় হানা দিয়ে নগদ অর্থ লুট করে বলে স্থানীয়রা জানায়। তারা বলেন, প্রায় দেড় ঘণ্টাব্যাপী লুটতরাজের পর পৌনে ৪টার দিকে পায়ে হেঁটে গুলি ছুড়তে ছুড়তে দক্ষিণ শ্রীরামকাঠির দিকে চলে যায় ডাকাতেরা। ডাকাতরা নগদ ৭০ লাখ টাকাসহ শতাধিক ভরি স্বর্ণালঙ্কার লুট করে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হান্নান মৃধা অভিযোগ করেন, থানায় ডাকাতির খবর জানালেও পুলিশ দেরিতে আসে। তবে নাজিরপুর থানার ওসি মিজানুর রহমান এ অভিযোগ প্রত্যাখ্যান করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ খবর পেয়েই সেখানে যায়। পুলিশ যাওয়ায় ডাকাতরা আগে পালিয়ে যায়।" পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, তিনিও রাতেই খবর পেয়ে স্থানীয় পুলিশকে ব্যবস্থা নিতে বলেন। থানার কারো কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ডাকাতির খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য একেএমএ আউয়াল সকালে বন্দর বাজারে যান। বাজারে পুলিশ টহলের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৮৪০ ঘ.