সাতক্ষীরা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় এক ব্যবসায়ীকে কুপিয়ে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকা নিয়ে গেছে।
ওই ব্যবসায়ী সাংবাদিকদের বলেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে গেছে। বৃহস্পতিবার রাতে শহরের পলাশপোল এলাকায় (এসপি বাংলোর পাশে) ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী শফিকুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের মনি প্লাজায় রাকিব এন্টারপ্রাইজ নামে একটি মোবাইল ফোনের দোকান রয়েছে তার।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গঙ্গা রানী সাংবাদিকদের জানান, আহতের ভাই মোসলেম আলী বাদি হয়ে শুক্রবার থানায় একটি মামলা করেছেন।
পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি বলে তিনি জানান।
হাসপাতালে শফিকুল ইসলাম জানান, তিনি দোকান থেকে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে শহরের পলাশপোল এলাকায় ভাড়া বাড়ি হেনা কুঞ্জে যাচ্ছিলেন।
পথে মটর সাইকেলে করে আসা তিনজন তাকে আটকা এবং মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24