২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে জেএমবির দুই সদস্য গ্রেপ্তার

শেরপুরে প্রচারপত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 05:05 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

শেরপুর, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেরপুরে প্রচারপত্রসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা শহরের মধ্য বাজার মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা, একটি মোবাইল ফোন, দুটি কম্পিউটার ডিস্ক (সিডি), একটি ক্যাসেট প্লেয়ার, জেএমবির ১০টি প্রচারপত্র ও সীমান্তবর্তী এলাকায় যাওয়ার একটি ম্যাপ উদ্ধার করা হয় বলে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. আনিসুর রহমান। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার সূত্রাপুর এলাকার শহিদুল ইসলাম উজ্জল (৩৫) ও খিলগাঁও এলাকার নাহিদ ইসলাম (৩৬)। এসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাহিদ ও উজ্জল সাংবাদিক পরিচয় দিয়ে গত মঙ্গলবার রাতে নালিতাবাড়ী শহরের একটি গেস্ট হাউসে ওঠেন। বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠান দেখার পর দুপুরের দিকে শহর থেকে ১০ কিলোমিটার দূরে চাঁদকিয়া গ্রামে ঘোরাফেরা করে মধ্য রাতে আবার ওই গেস্ট হাউসে ফেরেন। বৃহস্পতিবার সকালে নালিতাবাড়ী বাজারের মধ্য বাজার মসজিদে কারো অনুমতি ছাড়াই ধোয়া-মোছার কাজে করতে থাকেন তারা। তাদের এ কাজে এলাকাবাসীর সন্দেহ হয়। স্থানীয়রা তাদের জিঞ্জাসাবাদ করে। এলোমেলো কথাবার্তা শুনে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদের আটক করে এবং প্রচারপত্রসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। নালিতাবাড়ী থানার ওসি আব্দুল গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাহিদ ও উজ্জলকে শেরপুর ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও পরিচয়পত্র দেখাতে পারেননি। এ ব্যাপারে থানায় একটি সাধারন ডায়েরি হয়েছে বলেও জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২২২ ঘ.