২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

সিলেটের বিশ্বনাথ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

সিলেট, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বিশ্বনাথ উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। র‌্যাবের দাবি, নিহত আনছার আলী (৩০) একটি ডাকাত দলের সদস্য। তিনি উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর গ্রামের ইসন আলীর ছেলে। বৃহস্পতিবার প্রথম প্রহর রাত আড়াইটার দিকে উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন আল-ফালাহ ইটভাটার পাশে বাসিয়া নদীর পাড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) মো. রবিউল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, আনছারের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। র‌্যাব কর্মকর্তা রবিউল বলেন, ইটভাটার পাশে ডাকাতরা অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যান। ঘটনাস্থলের কাছাকাছি যাওয়ার পর ডাকাতরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলেও আনছার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি রিভলবার, দু'টি ছোরা, চার রাউন্ড গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৫ ঘ.