২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আলমের রিট আবেদন নাকচ

দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের (শাহ আলম) দায়ের করা দু'টি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের (শাহ আলম) দায়ের করা দু'টি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এই রায় দেয়। ২০০৭ সালের ২৯ মার্চ দুর্নীতি দমন কমিশন মতিঝিল থানায় বিএনপির সাবেক মন্ত্রী মীর্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে সরকারের ১৮টি পরিত্যক্ত বাড়ি বিক্রয়ে দুর্নীতির অভিযোগে ওই মামলা দায়ের করে। মামলায় তাদের বিরুদ্ধে কম দামে পরিত্যক্ত ১৮ টি বাড়ি বিক্রি করে রাষ্ট্রের ১শ ২৭ কোটি ৬৪ লাখ টাকা ক্ষতির অভিযোগ আনা হয়। ২০০৭ সালের ২০ সেপ্টেম্বর দুদকের দেওয়া অভিযোগ পত্রে অন্যদের সঙ্গে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নামও আসে। অভিযোগ পত্রে তার বিরুদ্ধে এই ১৮ টি বাড়ির মধ্যে দু'টি বাড়ি কিনে পরে মীর্জা আব্বাসের অনুগত দুই ব্যক্তির কাছে বিক্রির অভিযোগ আনা হয়। এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বসুন্ধরা চেয়ারম্যানের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্ট রুলনিশি জারি করে। দুদকের পক্ষে হাইকোর্টে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল আজিজ খান। বসুন্ধরা চেয়ারম্যানের পক্ষে বৃহস্পতিবার আদালতে কেউ উপস্থিত ছিলেন না। আদালতের আদেশের পর আদুল আজিজ খান সাংবাদিকদের জানান, বসুন্ধরার চেয়ারম্যান পলাতক ছিলেন। পলাতক ব্যক্তির রিট আবেদন করার কোনো অধিকার নেই। এই যুক্তিতে আদালত তার রিট আবেদন খারিজ করে দিয়েছে। তিনি আরও বলেন, দু'টি মামলার বৈধতা নিয়ে তিনি দু'টি রিট আবেদন দায়ের করেছিলেন। হাইকোর্ট দু'টি রিট আবেদনই খারিজ করে দিয়েছে। ফলে তার বিরুদ্ধে নিম্ন আদালতে এ মামলা দু'টির কার্যক্রম চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১১৩ ঘ.