ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত ভাড়া কার্যকর করতে সরকারকে উকিল নোটিশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর পক্ষে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ বৃহস্পতিবার এ নোটিশ দিয়েছে।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিএবি) হিসাব অনুযায়ী ঢাকায় ২০০৩ সালে ৮.৪%, ২০০৪ সালে ৯.৯৬%, ২০০৫ সালে ৭.৮৯%, ২০০৬ সালে ১৪.১৪% এবং ২০০৭ সালে ২১.৪৮% বাড়িভাড়া বেড়েছে।
সরকারের মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব, জাতীয় সংসদ সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়া তিন আইনজীবী হলেন আসাদুজ্জামান সিদ্দিকী, রবিউল আলম বুদু ও নুরুল ইসলাম বাবুল।
অ্যাডভোকেট মনজিল মোরসেদের স্বাক্ষর করা নোটিশে বলা হয়েছে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রশিদ, বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু অনেক বাড়িওয়ালা আইন ভেঙে ইচ্ছামতো ভাড়া বাড়ানো, যখন-তখন বাড়ি ছাড়ার নোটিশ দেয়। তারা ভাড়াটেদের বাড়ি ভাড়ার রশিদ দেয় না।
নোটিশে আরো বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত মানসম্মত ভাড়ার তালিকা অনুসারে ভাড়া আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
১৯৪৩ সালে তৈরি বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৫৩ সালে একবার সংশোধন হয়। সর্বশেষ ১৯৯১ সালে তা সংশোধন করা হয়। ওই আইন অনুযায়ী বাড়ি সংস্কার ছাড়া এর ভাড়া বাড়াতে পারেন না বাড়িওয়ালা। এছাড়া বাড়ির ভাড়া স্থানভেদে ভিন্ন হবে বলেও আইনে বলা আছে।
লিগ্যাল নোটিশে আগামী সাত দিনের মধ্যে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধান কার্যকর, মানসম্মত ভাড়া নির্ধারণ ও বিধি প্রণয়নে সরকারকে অনুরোধ করা হয়।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার আগামী সাত দিনের মধ্যে বাড়ি ভাড়া আইন ও সিটি করপোরেশনের নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকর করার ব্যবস্থা গ্রহণ না করলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে।"
ভারতের দিল্লিতে বাড়ির ভাড়া নির্মাণমূল্যের সর্বোচ্চ ১০% হতে পারে। এছাড়া বাড়ি পুরনো হওয়ার সঙ্গেসঙ্গে ভাড়াও কমতে থাকে। পাকিস্তানে প্রতি তিনবছর পরপর বাড়িওয়ালা ও ভাড়াটে সমঝোতায় ভাড়া নির্ধারণ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/পিডি/১৯৫০ ঘ.
bdnews24