২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই

দুই কর্মকর্তাসহ পুলিশের চার সদস্যকে পিটিয়ে আহত করে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 11:19 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

নরসিংদী, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই কর্মকর্তাসহ পুলিশের চার সদস্যকে পিটিয়ে আহত করে হাতকড়া পরা এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার স্বজনরা। নরসিংদীর বেলাব উপজেলার চরবেলাব গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম কাজল (৩২)। জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ঠিকাদার মনির হত্যাসহ কমপক্ষে ১৫টি মামলার পলাতক আসামি কাজলকে বুধবার দুপুরে উপজেলার সল্লাবাদ ইউনিয়নের নিলক্ষা বাজার থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান বেলাব থানার ওসি সাইদুর রহমান ভূইয়া। তিনি বলেন, "তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসা হচ্ছিল। চরবেলাব গ্রামের আমানউল্লাহর মুরগির খামারের কাছে পৌঁছলে ওই গ্রামের বাসিন্দা কাজলের শ্বশুর আলী আকবরের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী পুলিশের ওপর হামলা চালায়। "তারা এসআই আহসান কবির, এএসআই নাসিম, পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম ও আফসার হোসেনকে পিটিয়ে আহত করে কাজলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।" পুলিশ কর্মকর্তা সাইদুর জানান, ঘটনার পর আকবরসহ শতাধিক ব্যক্তির নামে বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে রিনা আক্তার ও নুরজাহান নামের দুই মহিলাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬১৬ ঘ.