২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সঙ্কটের প্রেক্ষাপটে পানি-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 08:53 AM

Updated : 24 Aug 2022, 08:30 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সঙ্কটের প্রেক্ষাপটে পানি-বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্কটের জন্য আগের সরকারগুলোকে দায়ী করে তিনি বলেছেন, তার সরকার চেষ্টা চালিয়ে গেলেও এ সমস্যার সমাধান অল্প সময়ে সম্ভবপর নয়। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় ফেজের ভিত্তিস্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পানি বিদ্যুতের বিষয়ে তিনি বলেন, "এ সমস্যার আমাদের তৈরি নয়। এ সমস্যা মাথায় নিয়ে আমরা সরকার গঠন করেছি।" "১৯৯৬ এবং ২০০৮ দুবারই আমরা বিদ্যুৎ ও পানির প্রকট সমস্যা মাথার ওপর নিয়ে সরকার গঠন করি। আমার প্রশ্ন হলো- মাঝখানে যে সরকার ক্ষমতায় ছিলো তারা কী করেছে", বলেন হাসিনা। ১৯৯১-৯৬ মেয়াদে বিএনপি সরকার ক্ষমতায় ছিলো। ২০০১ থেকে পরবর্তী পাঁচ বছর ছিলো বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার। এরপর দুই বছর ক্ষমতায় ছিলো তত্ত্বাবধায়ক সরকার। বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন প্রায় ২ হাজার মেগাওয়াট কম হওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুতের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভও হচ্ছে। ঢাকায় পানি সঙ্কটও তীব্র আকার ধারণ করেছে। পানির দাবিতে মহাখালীতে বিক্ষুব্ধ জনতা গত এক মাসে দুবার সড়ক অবরোধ করে। ১৯৯৭ সালে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের প্রথম পর্যায়েরও উদ্বোধন করেন শেখ হাসিনা। দ্বিতীয় প্রকল্পটি বাস্তবায়ন হলে ওয়াসার ভাণ্ডারে সাড়ে ২২ কোটি লিটার পানি সংযোজিত হবে। প্রথম প্রকল্পে সাড়ে ২২ কোটি লিটার পানি ওয়াসায় সংযোজিত হয়। বিদেশি সাহায্য সংস্থা ডানিডার অর্থায়নে এ শোধনাগারটি দুই পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। পানি-বিদ্যুৎ সমস্যা সমাধানে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "মাত্র ১৫ মাস হলো আমরা সরকার গঠন করেছি। এত অল্প সময়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।" পানি ব্যবহারে নগরবাসীকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি সিস্টেম লস কমানোর জন্য ওয়াসা কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৪৫ ঘ.