মাগুরা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর উপজেলায় একজন গণপিটুনিতে নিহত হয়েছে। নিহত ফারুক হোসেন (৩০) ডাকাত সর্দার বলে পুলিশ জানায়।
সদর উপজেলার চর বাটাজোড় গ্রামে ফারুক নিহত হন। তিনি ওই গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
সদর থানার ওসি আব্দুর রাকিব খান সাংবাদিকদের বলেন, পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার রাতে গোপনে বাড়িতে এসেছিলেন ফারুক। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাকে ব্যাপক মারধর করে।
গুরুতর আহত ফারুককে বৃহস্পতিবার সকালে মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা রাকিব বলেন, ফারুক দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডাকাত সর্দার। তার বিরুদ্ধে মাগুরা সদর থানায় ডাকাতির অভিযোগে ছয়টিসহ মোট ১০টি মামলা রয়েছে।
এছাড়া যশোর, ঝিনাইদহ, নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন থানায় ফারুকের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫০ ঘ.
bdnews24