ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি'র সামনে এক কনসার্টের সময় বখাটেদের হাতে পৃথকভাবে অন্তত ১৫ তরুণী লাঞ্ছিত হয়েছে।
বুধবার বিকালে রাজু ভাস্কর্যের সামনে বিকাল ৪টায় কনসার্ট শুরু হওয়ার পর বিভিন্ন সময়ে খবর পেয়ে পুলিশ কনসার্ট সংলগ্ন এলাকা থেকে লাঞ্ছিত ১৫ তরুণীকে নিরাপদে সরিয়ে নেয়।
'মুক্তবাণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ' নামের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি সংগঠন ওই কনসার্ট আয়োজন করে। সংগঠনের সভাপতি আব্দুর রহমান জীবন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দীন হল শাখা ছাত্রলীগেরও সভাপতি।
তরুণী লাঞ্ছনা প্রসঙ্গে পুলিশের রমনা থানার এডিসি নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, কনসার্ট সংলগ্ন জায়গা থেকে ১৫ জন তরুণীকে উদ্ধার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্য প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্ট চলাকালে পুরো এলাকার হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে মেয়েরা এসে পড়লে বখাটেরা তাদের লাঞ্ছিত করে।
রাজু ভাস্কর্যের সামনে বুধবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত কনসার্ট অনুষ্ঠানের অনুমতি দেয় পুলিশ।
তরুণী লাঞ্ছনার ঘটনায় পুলিশ রাত ৮টায় কনসার্টটি বন্ধ করে দেয়।
গত ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় এক তরুণীর অভিভাবকসহ কয়েকজনকে পেটায় আব্দুর রহমান জীবনের অনুসারীরা। সেসময় সংঘর্ষের বিষয়টি স্বীকার করলেও ঘটনার জন্য বহিরাগতদের দায়ী করেন জীবন।
বুধবারনিরাপদে সরিয়ে নেওয়া তরুণীদের কেউ লিখিত অভিযোগ না করায় কাউকে আটক করা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়।
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কনসার্ট চলার সময় কয়েকজন তরুণীকে উত্ত্যক্ত করার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। কয়েকজনকে উদ্ধার করে তাদের নিজ নিজ বাসায় পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ।"
সংগঠনটির সভাপতি আব্দুর রহমান জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে জানান, পুলিশ বলা মাত্র তারা কনসার্ট বন্ধ করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/পিডি/০০৪২ ঘ.
bdnews24