সুনামগঞ্জ, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান হাওরে ১০ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে।
পানির তোড়ে মঙ্গলবার বিকালে নাওটানা বাঁধ ভেঙে হাওরের জমিতে পানি ঢুকে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছে।
তাদের অভিযোগ, বাঁধ মেরামত কাজটি ঠিকমতো হয়নি বলেই এ দুর্ভোগ দেখা দিয়েছে। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা নূর আলম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ১০ হাজার হেক্টর বোরো ফসলি জমি তলিয়ে গেছে।
উপজেলার উত্তরশ্রীপুর, দক্ষিণশ্রীপুর, তাহিরপুর সদর ও দক্ষিণবড়দল ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কয়েক হাজার কৃষক গত কয়েক দিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করে বাঁধ রক্ষার চেষ্টা করেছিলো।
"কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা করা গেলো না", বলেন মাটিয়ান হাওর উন্নয়ন কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল।
বড়দল গ্রামের কৃষক আতিকুল ও শহীদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে বলেন, সপ্তাহখানেক সময় পেলে তারা সামান্য ফসল কাটতে পারতেন। কিন্তু হাওর তলিয়ে যাওয়ায় সব ফসলই নষ্ট হয়ে গেছে।
"আমার দেড় একর জমিতে ফসল ছিলো। পুরো জমিই তলিয়ে গেছে। সারা বছর কীভাবে যাবে ভেবে পাচ্ছি না", বলেন দক্ষিণবড়দল ইউনিয়নের শ্রীপুর গ্রামের কৃষক আবুল মিয়া।
দক্ষিণবাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাটিয়ান হাওরে চারটি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের কয়েক হাজার কৃষকের ফসল ছিলো।
তিনি বলেন, "হাওর হুমকির মুখে থাকলেও পাউবো কর্মকর্তা ও ঠিকাদারদের খুঁজে পাওয়া যায়নি। কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার শেষ চেষ্টা করেছিলো।"
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হকও বলেন, বাঁধের কাজ ভালভাবে করা হয়নি। ফসল পানিতে তলিয়ে যাওয়ার জন্য পাউবো ও বাঁধ নির্মাণের ঠিকাদারই দায়ী।"
তবে এ অভিযোগের মুখে পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাহাড়ি ঢলের কারণেই বাঁধ ভেঙেছে। বাঁধ মেরামতের ক্ষেত্রে কোনো অনিয়ম ছিলো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.
bdnews24