ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীর্ণ, পুরাতন সব মুছে দিয়ে প্রাণে নতুন সম্ভাবনার আলো জ্বালাতে আবারো এসেছে বৈশাখ। বাংলা নতুন বছরকে বরণ করতে সারা দেশে চলছে নানা অনুষ্ঠান।
রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবারো ভক্তিরস ও দেশপ্রেমের গান নিয়ে সাজানো হয়।
ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত বর্ণিল আয়োজন 'মঙ্গল শোভাযাত্রা' রয়েছে বের হওয়ার অপেক্ষায়।
চারুকলার শিক্ষার্থীরা প্রতিবছর কয়েকদিনের অক্লান্ত খাটুনির পর তৈরি করেন প্রাণের উচ্ছ্বাসে ভরপুর এ শোভাযাত্রার দুর্দান্ত সব মুখোশ আর পশুপাখির আকৃতিগুলো।
১৪১৬ সালের চৈত্র মাসের শেষ দিনে 'চৈত্রসংক্রান্তি'র মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় বছরটিকে। মঙ্গলবার রাত শেষে প্রথম সূর্যের হাত ধরে এসেছে নতুন বাংলা বছর ১৪১৭। বাংলা নববর্ষের এই দিনটি অপেক্ষায় থাকে বাঙালি জাতি।
রমনা পার্কে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের পাশাপাশি এর আশপাশ ও সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান ও মেলা চলবে প্রায় দিনভর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান চলবে।
এবার ধানমন্ডি রবীন্দ্র সরোবর মঞ্চে, লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গুলশান ইয়ুথ ক্লাব, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা), চারুকলা বিভাগসহ বিভিন্ন স্থানে ঐতিহ্যবাহী লোকশিল্প সামগ্রী, পুতুল নাচ, নাগরদোলা, বানর খেলা, লাঠিখেলা, যাদু প্রদর্শনী, মৃত্যকূপসহ বিভিন্ন খেলা এবং ব্যান্ডসঙ্গীত, নৃত্য ও বাউল গানের আয়োজন রয়েছে।
রমনায় ২০০১ সালের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনার পর থেকে কড়া নিরাপত্তায় পালিত হয় এ অনুষ্ঠান। এবারো কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ডগ স্কোয়াড, সিসিটিভি আর প্রথমবারের মতো ইনফ্রারেড ক্যামেরা নিয়ে প্রস্তুত র্যাব-সোয়াত-পুলিশ-গোয়েন্দাসহ আইনশৃঙ্খলা বাহিনীর মোট সাড়ে ১২ হাজার সদস্য।
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বাংলা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আওয়ামী লীগ ও বিএনপিসহ রাজনৈতিক দলগুলোও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করছে। আওয়ামী লীগ সকালে বাহাদুর শাহ পার্ক থেকে নববর্ষ শোভাযাত্রা ও বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস মুক্তাঙ্গনে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।
সরকারি পঞ্জিকা মতে এবার পহেলা বৈশাখ ১৪ এপ্রিল, আর সনাতনী পঞ্জিকার হিসেবে তা পড়ে এপ্রিলের ১৫ তারিখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/০৯২২ ঘ.
bdnews24