ঠাকুরগাঁও, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - দেশ ভাগের পর ছয় দশক পার হয়ে গেলেও স্বজন ও কাছের মানুষদের এখনো মন থেকে মুছে ফেলতে পারেনি এপার আর ওপার বাংলার বাসিন্দারা।
১৯৪৭ সালে দেশ ভাগের মধ্য দিয়ে জন্ম হয় ভারত ও পাকিস্তানের। সে সময় বাংলাও ভাগ হয়ে যায়। এ ভাগাভাগিতে অনেক পরিবারই বিচ্ছিন্ন হয়ে যায়।
তবুও দুই বাংলার মানুষের মধ্যে ঐতিহ্যের বন্ধন এখনো রয়ে গেছে। বিয়ের মত সম্পর্কও হয় দুপারের মানুষের মধ্যে।
বন্ধনের টানেই বছরে অন্তত একবার দুদেশের বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর গ্রামের সীমান্তে।
এখানে রয়েছে একটি কালি মন্দির। কয়েকবছর ধরে চৈত্র সংক্রান্তির দিন এখানে আয়োজিত হয় কালিমেলা। এই মেলাকে কেন্দ্র করেই দুই বাংলার হাজার হাজার মানুষ ছুটে আসে এখানে।
মঙ্গলবার বিকালেও দুই বাংলার কয়েক হাজার মানুষ জড়ো হয়।
সকাল থেকে মানুষ আসতে থাকে এখানে। বিভন্ন স্থান থেকে রিকশা, ভ্যান, মোটরসাইকেল, টেম্পো, মাইক্রোবাস, নছিমন, ভটভটির গন্তব্য দানাজপুর গ্রাম।
পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে।
কাঁটাতারের বেড়ার দুপাশে তাদের অপেক্ষা শেষ হয় দুপুরের পর। অনুমতি মেলে কাঁটাতারের বেড়ার কাছে যাওয়ার। দুপাশ থেকে কাঁটাতারের দিকে ছুটে আসে কয়েক হাজার মানুষ।
কাঁটাতারের দু'পাশে দাঁড়িয়ে থাকেন স্বজনের অপেক্ষায়। কাক্সিক্ষতজনকে পেলে হাত বাড়িয়ে দেন বেড়ার ফাঁকে। পরস্পরকে স্পর্শ করে জানান নিজেদের কুশল। প্রকাশ করেন মিলনের অনুভুতি। আবার কেউ বা ঘরে বানানো এটা ওটা তুলে দেন অপারের স্বজনের হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির সঙ্গে কথা হয় দিনাজপুর জেলার ঘোড়াঘাটের দীপালি রানীর সঙ্গে।
তিনি বলেন, একদিন আগে এসে আত্মীয়ের বড়িতে থেকে আজ এসেছেন বাবা ও মায়ের সঙ্গে দেখা করতে।
বগুড়ার জয়শ্রী বলেন, সপরিবারের সবাই এসেছেন ভারতের আত্মীয়দের সঙ্গে দেখা করতে। তবে এবার ভিড় একটু বেশি। কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে স্বজনদের একটু দেখতে পেয়েছেন মাত্র।
কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে রাণীশংকৈল উপজেলার শশী মোহন বলেন, মেয়ের বিয়ে দিয়েছেন ওপারে। মেয়ে ও জামাই দু'জনেই এসেছিল। তাদের দেখতে পেয়ে খুব ভালো লাগছে।
পীরগঞ্জ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, ৬/৭ বছর থেকে চৈত্র সংক্রান্তির দিনে দানাজপুর সীমান্ত ফাঁড়ির কাছে আয়োজন করা হয় কালিপূজা। আর কালিপূজাকে ঘিরে এখানে মেলা বসে। দুই বাংলার মানুষ কাঁটাতারের বেড়ার কাছে গিয়ে মিলিত হয় স্বজনের সঙ্গে।
অন্যান্য বছরের তুলনায় এবার খুব স্বল্প সময়ের জন্য এবং ক্ষুদ্র পরিসরে এই সুযোগ দেওয়া হয় বলে তিনি জানান।
প্রায় প্রতিবছর এ রকম মিলন মেলা হয় দিনাজপুরের হাড়িবাশা সীমান্তে বড় দরগার ওরশ উপলক্ষে। ২১ শে ফেব্র"য়ারি শহীদ দিবসে বেনাপোল সীমান্তেও বসে দুই বাংলার মানুষের মিলন মেলা।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৭ ঘ.
bdnews24