আল আমিন দেওয়ান
প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাপ্তাই হ্রদে (লেকে) পানি কমে যাওয়ায় উৎপাদন বন্ধের উপক্রম হয়েছে। গত কয়েকদিন সচল তিনটি ইউনিটে অন্তত ৩০ মেগাওয়াট উৎপাদন কমেছে। ত্রুটির কারণে বন্ধ আছে দুটি ইউনিট।
বৃষ্টি না হওয়ায় কাপ্তাই হ্রদের পানির স্তর প্রতিদিন নেমে যাচ্ছে। বৃষ্টি না হলে ২০ দিন পর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রধান প্রকৌশলী মো. আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লেকের পানির স্তর কমলে উৎপাদনও কমে। "
পুরোপুরি হ্রদের পানির ওপর নির্ভরশীল এ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ইউনিট রয়েছে পাঁচটি। যার মোট উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।
মঙ্গলবার কেন্দ্রের ১৩০ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিটে উৎপাদন হয়েছে ১০০ মেগাওয়াট।
তিনটির মধ্যে ৪০ মেগাওয়াট করে উৎপাদন হয় ১ ও ২ ইউনিটে। ৫ নম্বর ইউনিট থেকে পাওয়া যায় ৫০ মেগাওয়াট।
৩ ও ৪ নম্বর ইউনিট মেরামত কাজ চলছে। এ দুটিতে উৎপাদন হয় ৫০ করে ১০০ মেগাওয়াট।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী ফেরদৌস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখতে হলে কাপ্তাই লেকে সর্বনিম্ন পানির স্তর থাকতে হবে ৬৮ এমএসএল (মিনস সি লেভেল)।"
তিনি জানান, মঙ্গলবার এই স্তর ছিল ৭৭ দশমিক ৬৫ এমএসএল। কমেছে দশমিক ৩২ ফুট। এটা বুধবার হবে দশমিক ৪০ ও বৃহস্পতিবার দশমিক ৬০ ফিট।
এভাবে প্রতিদিন পানি স্তর নামতে থাকলে আগামী ১৮ থেকে ২০ দিনেই কাপ্তাই লেকের পানির স্তর ৬৮ এমএসএল এ নেমে আসবে। তখন কেন্দ্রটি বন্ধ করে দিতে হবে।"
ত্র"টি কারণে প্রায় দুই মাস ধরে ৩ ও ৪ নম্বর ইউনিট বন্ধ আছে। এ মাসে এগুলো চালু করা সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন প্রধান প্রকৌশলী আবু তাহের।
তিনি বলেন, বৃষ্টি না হলে অর্থাৎ পানির স্তর না বাড়লে এ দুটি ইউনিট চালু করেও লাভ হবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমইউএস/এমএসবি/১৯৫৩ ঘ.
bdnews24