২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি হিল পার্কে নিরাপত্তা জোরদারের দাবি

নগরীর বিনোদন কেন্দ্র ডিসি হিল পার্ক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা জোরদার করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2010, 04:29 PM

Updated : 24 Aug 2022, 08:24 PM

চট্টগ্রাম, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বিনোদন কেন্দ্র ডিসি হিল পার্ক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা জোরদার করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় একটি সংগঠন। ডিসি হিল সংরক্ষণ পরিষদ সোমবার বিকাল ৫টার দিকে ওই পার্কে এই কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে পরিষদের নেতারা বলেন, পার্কটি এখন অনেকটা অভিভাবকহীন। ডিসি হিল প্রাঙ্গণ এখন সন্ত্রাসী ও মাদকসেবীদের আখড়া হয়ে গেছে। এখানে সকালে ও বিকালে ভ্রমণে আসা লোকজন নিরাপত্তাহীনতায় ভোগেন। সে কারণে পার্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, নাট্যকর্মী আহমেদ ইকবাল হায়দার, কবি ও সাংবাদিক ওমর কায়সার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, সাংবাদিক চৌধুরী ফরিদ, শহীদুল্লাহ শাহরিয়ার প্রমুখ। নগরীর অন্যতম প্রাণকেন্দ্র বৌদ্ধ মন্দির মোড়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাংলোর নিচে এ ডিসি হিল পার্ক অবস্থিত। এ পার্কে একটি স্থায়ী মঞ্চ রয়েছে। এতে প্রায় প্রতিদিনই বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২২২২ ঘ.