নওগাঁ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -শহরের পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা থেকে রোববার বিকালে একটি তাজা গ্রেনেডসহ এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক মাহবুবুল আলম সিজার (১৫) সদর উপজেলার চকপাথুরিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে নওগাঁ পলিটেকনিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র।
উদ্ধার করা গ্রেনেডটি সদর থানায় একটি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে। এটি পরীক্ষা করে দেখতে বগুড়া সেনা নিবাসের বিস্ফোরক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক সিজার তাদের জানিয়েছে, সে গ্রেনেডটি আরেক ব্যক্তির কাছে সরবরাহের জন্য রেখেছিল।
সে কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত কিনা বা কোনো নাশকতামুলক কাজে ব্যবহারের জন্য গ্রেনেডটি তার কাছে রেখেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24