সিরাজগঞ্জ, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অপহরণকারী সন্দেহে ছয় ব্যক্তিকে মারধর করেছে এলাকাবাসী।
এছাড়া তারা একটি ইন্স্যুরেন্স কোম্পানির প্রাইভেট কারে আগুন ধরিয়ে দেয় এবং একটি মাইক্রোবাস ভাঙচুর করে।
রোববার সকালে উপজেলার এনায়েতপুর থানাধীন খুকনী গ্রামে এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ এলাকাবাসী এ ঘটনা ঘটায় বলে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (শাহজাদপুর সার্কেল) মো. মেহেদী হাসান।
গণপিটুনিতে আহতরা হলেন- হোমল্যান্ড ইনসুরেন্স কোম্পানির বেলকুচি শাখার কর্মকর্তা মো. খন্দকার হাসান ও তার গাড়িচালক এন্তাজ আলী, পাবনার চাটমোহর উপজেলার চাঁন সরকার, সুরুজ সরকার, নয়ন সরকার ও রাশেদুল ইসলাম।
এএসপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গুজব ছড়ায় গ্রামের এক স্কুলছাত্রকে অপহরণ করা হয়েছে। প্রায় এক ঘণ্টা পর এলাকার লোকজন শাহজাদপুর-এনায়েতপুর- বেলকুচি সড়কে অবস্থান নিয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাসটি আটক করে।
তিনি জানান, হোমল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির প্রাইভেটকারটি শাহজাদপুর থেকে বেলকুচি যাচ্ছিল। গাড়িতে ছিলেন বেলকুচি শাখার কর্মকর্তা খন্দকার হাসান।
মাইক্রোবাসটি পাবনার চাটমোহর থেকে এনায়েতপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল যাচ্ছিল। গাড়ির যাত্রীরা রোগী দেখার জন্য হাসপাতাল যাচ্ছিলেন।
এলাকাবাসী গাড়ি দুটির আরোহীদের আটক করে পেটায়। এক পর্যায়ে প্রাইভেট কারটিতে (ঢাকা-মেট্রো-ফ-১২-৪৫৬৭) আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে মাইক্রোবাসটি (ঢাকা-মেট্রো-ব-১৪-৩০১২)।
পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে।
এএসপি মেহেদী হাসান বলেন, মারধর, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় এনায়েতপুর থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৪ ঘ.
bdnews24