২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার রিট আবেদনের শুনানিতে হট্টগোল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিটের শুনানি মুলতবির আবেদন নাকচ হওয়ায় বিএনপি সমর্থক আইনজীবীরা হাইকোর্টে হৈচৈ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 02:49 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিটের শুনানি মুলতবির আবেদন নাকচ হওয়ায় বিএনপি সমর্থক আইনজীবীরা হাইকোর্টে হৈচৈ করেছেন। রোববার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। খালেদার পক্ষের কৌসুলিরা তার রিট আবেদনের শুনানি দুই মাস মুলতবির আবেদন জানান। কিন্তু আদালত তাদের সেই আবেদন নাকচ করে দেয়। এরপরই বিএনপি সমর্থক আইনজীবীরা আদালতে হৈচৈ শুরু করে দেন। তারা বিচারকদের 'সরকার সমর্থক' অভিহিত করে খালেদা জিয়া এই বেঞ্চে ন্যায়বিচার পাবেন না বলে অভিযোগ করেন। এ সময় আদালত তাদেরকে শান্ত হতে বলে। কিন্তু জুনিয়র আইনজীবীরা চিৎকার করতেই থাকেন। আদালত এক পর্যায়ে পুলিশ ডাকার কথা বললেও তাদের হট্টগোল বন্ধ হয়না। এ পরিস্থিতিতে আদালত বিএনপির সিনিয়র আইনজীবী মওদুদ আহমদ, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে জুনিয়র আইনজীবীদের শান্ত করতে বলে। হাইকোর্ট বেঞ্চ পরে অবশ্য আগামী মঙ্গলবার পর্যন্ত শুনানি পিছিয়ে দেয়। সেইসঙ্গে খালেদার কৌসুলিদের শুনানি মুলতবির আবেদন দায়ের করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০৪৬ ঘ.