ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করেছে এ সংক্রান্ত জাতীয় কমিটি।
মামলা বাতিলের ৬০টি আবেদন নাকচ করা হয়, যার মধ্যে রয়েছে বিএনপির দুই সাবেক সাংসদের আবেদন।
এছাড়া রাজনৈতিক বিবেচনায় আরো ৩৪০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এসব মামলার মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২৫টি ও বাকিগুলো বাংলাদেশ দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের মামলা।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির ১৬তম বৈঠকে রোববার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে যাদের মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম সিটির মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী, কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, জাপার সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল গাফফার বিশ্বাস, গাজীপুরের সাবেক সাংসদ আফছার উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ নেতা সৈয়দ মহসিনুল আরিফ।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এছাড়া কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল হওয়া একটি মামলা হলো- ঠাকুরগাঁও সদর থানার মামলা নম্বর ২৮ (৮) ২০০৭। দণ্ডবিধির ৩৪২, ৩২৫, ৩২৬ ও ৩০২ ধারায় ২০০৭ সালের ২৮ আগস্ট ওই মামলা দায়ের করা হয়। এতে সুনির্দিষ্টভাবে মারপিট ও হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। জাতীয় কমিটির গত বছরের ডিসেম্বর মাসের ১১তম সভায় মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা হয়।
অপর মামলাটি হলো- আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা । কক্সবাজারের উখিয়া থানায় ২০০৫ সালের ৫ মে মামলাটি দায়ের করা হয়। এর নম্বর ৩ (৫) ২০০৫। এতে দণ্ডবিধির ৩৪১, ৩২৪, ৩০৭ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার নথিতে দেখা যায়। এ মামলা প্রত্যাহারে সুপারিশ করা হয়েছিল গত ১৯ জানুয়ারি দ্বাদশ সভায়।
সভা শেষে এ দুটি মামলা প্রত্যাহারের সুপারিশ এবং প্রায় চার মাস পর আবার সেই সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে আইন প্রতিমন্ত্রী বলেন, "এসব ক্ষেত্রে কিছু ভুল হতেই পারে। তবে এখন আমরা মামলা প্রত্যাহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছি।"
তিনি জানান, এ দুটি মামলা প্রত্যাহারের জন্য জেলা কমিটি থেকে সুপারিশসহ তালিকা মন্ত্রণালয়ে আসে। মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে জাতীয় কমিটির সভায় এসব মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করা হয়। এরপর বাদীপক্ষ মামলার বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করলে তা খতিয়ে দেখে প্রত্যাহারের সিদ্ধান্তটি বাতিল করা হয়।
প্রধান বিরোধী দল বিএনপি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় মামলা প্রত্যাহারে সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে আসছে।
রোববারের বৈঠকে কমিটি যাচাই-বাছাই শেষে মামলা বতিলের আরো ৬০টি আবেদন নাকচ করে দিয়েছে বলে কামরুল ইসলাম জানান।
তিনি বলেন, নাকচ হওয়া আবেদনের মধ্যে বিএনপির দুই সাবেক সাংসদের দু'টি আবেদন রয়েছে। এই দুই সাবেক সাংসদ হলেন- জাহেদ আলী চৌধুরী ও মাহমুদুল হক রুবেল। রুবেলের বিরুদ্ধে ১৫০ বান্ডিল ঢেউটিনের যথেচ্ছ ব্যবহারের অভিযোগ রয়েছে। আর জাহেদ আলী চৌধুরীর বিরুদ্ধে দুদকের দায়ের করা একটি দুর্নীতির মামলা।
এ দুটি আবেদন নাকচ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, এ মামলা দুটি প্রত্যাহারের ব্যাপারে জেলা কমিটিও সুপারিশ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৫৫ ঘ.
bdnews24