পঞ্চগড়, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় অভিযুক্ত যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।
জেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মখলেছার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্র থেকে মামলায় আসামি নেতাকর্মীদের তালিকা চাওয়া হয়েছে।
তারা জানান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বাবু, সহ অর্থ সম্পাদক মেরাজ খান রিংকু, সদস্য লাবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান স্বাধীন, ওয়ার্ড যুবলীগের নেতা আমিনুর ইসলাম, মিজানুর রহমান মঞ্জু, মহসিন ও লিটনের নাম পাঠানো হবে।
তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে তা কেন্দ্রীয় কমিটির ওপর নির্ভর করছে বলে এই দুই নেতা জানান।
পুকুর ইজারা নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষে পঞ্চগড় শহরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (১৮) নিহত হন।
এই ঘটনায় ওইদিন বিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি মামলা হয়। মামলায় অজ্ঞাত আরো ১৫/১৬ জনকে আসামি করা হয়।
এ মামলায় যুবলীগের ওই নেতাকর্মীরা আসামি।
ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান খান বলেন, শুক্রবার ভোরে গ্রেপ্তার পাঁচজনকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন- যুবলীগকর্মী লিটন, মিজানুর রহমান মঞ্জু (২৮) ও মহসিন (৩২), শ্রমিকলীগ কর্মী আনিসুর রহমান (২০) ও মোস্তাফিজুর রহমান মেরু (২৪)।
এদের মধ্যে লিটন ও মঞ্জুকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য মুখ্য বিচারিক হাকিম আদালতে আবেদন করা হয়েছে। রোববার এ আবেদনের শুনানি হতে পারে বলে তদন্ত কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০২৮ ঘ.
bdnews24