গাইবান্ধা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলার আসামি শাহারুল ইসলামকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বখাটের উৎপাত সইতে না পেরে জেলার সাদুল্লাপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের নুরিনা আক্তার (১৪) শুক্রবার আত্মহত্যা করে।
তার মৃত্যুতে গিরিধারীপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসায় শনিবার একদিনের শোক পালন ও ছুটি ঘোষণা করা হয়। এর আগে সকালে কর্তৃপক্ষ একটি দোয়া মাহফিল আয়োজন করে।
সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে থানা পুলিশের বেশ কয়েকটি টিম গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালিয়ে শাহারুল ইসলামকে পায়নি।
শাহারুলের পরিবারের সব সদস্যরাও আত্মোগোপন করেছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
শনিবার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকালে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
জানাজায় এসে নুরিনার মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও তার সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন।
গিরিধারীপুর দ্বিমুখি দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর সিদ্দিকী সাংবাদিকদের বলেন, নুরিনার মৃত্যুতে মাদ্রাসায় দোয়া মাহফিল শেষে দিনব্যাপী শোক ও একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
তিনি বখাটে শাহারুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নুরিনার বাবা নুরুন্নবী মিয়া বখাটে শাহারুলের শাস্তি দাবি করেন।
শুক্রবার দুপুর ১টার দিকে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে গিরিধারীপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী নুরিনা আক্তার আত্মহত্যা করে। রাত ৮টার দিকে বাড়ির একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নুরিনার বাবা নুরুন্নবী মিয়া সাদুল্লাপুর থানায় শাহারুলকে আসামি করে একটি মামলা (নম্বর ০৯) করেন।
গত শনিবার ঢাকার খিলগাঁওয়ে বখাটের উৎপাতে আত্মহত্যা করে দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণী ছাত্রী উম্মে কুলসুম ইলোরা (১৪)।
এর দু'দিন পর সোমবার রাতে কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি এলাকার দশম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার পিংকি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
তার পরিবারের অভিযোগ, প্রতিবেশি এক বখাটে পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১৩ ঘ.
bdnews24