২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিএনপির সংঘর্ষ-বোমাবাজি

পাল্টাপাল্টি কর্মী সম্মেলন নিয়ে জেলা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 05:35 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

মাগুরা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাল্টাপাল্টি কর্মী সম্মেলন নিয়ে জেলা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়েছে। শনিবার বিকালে প্রায় দেড় ঘণ্টার এ সংঘর্ষে একজন ম্যাজিস্ট্রেট, তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহরিয়ার। উত্তেজনা থাকায় শহরে মোড়ে মোড়ে পুলিশ ও র‌্যাব মোতায়েন রাখা হয়েছে। সহিংসতার অভিযোগে পুলিশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ চারজনকে আটক করেছে। বিএনপি নেতাকর্মীরা জানান, আগামী ১৮ এপ্রিল খুলনায় অনুষ্ঠেয় বিভাগীয় সম্মেলনে প্রতিনিধি পাঠাতে দুটি গ্রুপ পৃথক কর্মী সম্মেলন ডাকে। শনিবার বিকাল ৩টায় শহরের আছাদুজ্জামান মিলনায়তনে সম্মেলন ডাকে কেন্দ্রের অনুমোদন পাওয়া জেলা কমিটি। পাল্টা কমিটি করা গ্রুপটি একই সময় এম আর রোডে সম্মেলন ডাকে। কেন্দ্রের অনুমোদন পাওয়া কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক হলেন কবির মুরাদ ও আলী আহমদ বিশ্বাস। অপরপক্ষের সভাপতি-সাধারণ সম্পাদক হলেন মোকাদ্দেস হোসেন ও ইকবাল আকতার খান ওরফে কাফুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিকাল ৪টার দিকে কবির মুরাদ গ্রুপের কর্মীদের একটি মিছিল এম আর রোড হয়ে আছাদুজ্জামান মিলনায়তনে যাওয়ার সময় কাফুরের কর্মীরা হঠাৎ বোমা হামলা করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় কাফুর গ্রুপের কিছু নেতা-র্কর্মীকে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। কিছুক্ষণ পর কবির মুরাদ গ্রুপের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে সেখানে আসে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং সংঘর্ষ বেঁধে যায়। এতে শহরের চৌরঙ্গী মোড় থেকে এম আর রোড ও ভায়না মোড়সহ বেশ কিছু এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকে। সংঘর্ষের সময় শহরের কয়েকটি এলাকায় অন্তত ২০-২৫টি বোমার শব্দ পাওয়া যায়। এর মধ্যে এম আর রোডে ফাটানো হয় ১০টিরও বেশি বোমা। সংঘর্ষের ছবি তুলতে গেলে কাফুর গ্র"পের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিকদের ধাওয়া করলে তারা প্রেসক্লাবে আশ্রয় নেয়। সংঘর্ষের সময় ইটের আঘাতে তিন পুলিশ সদস্য এবং ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান সদর থানার ওসি আব্দুর রাকিব খান। এছাড়া আরো অন্তত ১১ জন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তবে তাদের নাম জানাতে পারেননি ওসি। তিনি জানান, পুলিশ এ পর্যন্ত চারজনকে আটক করেছে। এরা হলেন- কবির মুরাদ গ্রুপের নেতা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও রাজা বিশ্বাস এবং কাফুর গ্রুপের মো. হাসনু ও মুক্তার বিশ্বাস। তারা থানা হেফাজতে রয়েছেন। এখন পর্যন্ত মামলা হয়নি বলে ওসি জানান। বিকাল সাড়ে ৬ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর দুই গ্রুপই সম্মেলন করে। এ সময় পুলিশ শহরের মাঝামাঝি অবস্থান নেয়। সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও সাংগাঠনিক সম্পাদক মশিউর রহমান সংঘাত সৃষ্টির জন্য 'বিদ্রোহী' গ্রুপের নেতাকর্মীদের দায়ী করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। কাফুর গ্রুপ এম আর রোডে তার বাড়ির সামনের মাঠে সম্মেলন করে। তবে অল্প সময়ের মধ্যেই সম্মেলন শেষ করা হয়। জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ সাংবাদিকদের বলেন, সফলভাবে কর্মী সম্মেলন শেষ হয়েছে। সংঘর্ষের সময় তার ১০ কর্মী আহত হয়েছে বলে তিনি দাবি করেন। অপর কমিটির সভাপতি মোকাদ্দেস হোসেন বলেন, "আমরা কবির মুরাদের গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছি। যে কারণে আগামী ১৮ এপ্রিল খুলনায় বিভাগীয় সম্মেলনে প্রতিনিধি পাঠাতে পৃথক কর্মী সম্মেলন করেছি।" হামলার অভিযোগের ব্যাপারে তিনি বলেন, কিছু নিয়ন্ত্রণহীন কর্মী উত্তেজিত হয়ে পড়েছিল। যারাই এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটাক না কেন সেটা দুঃখজনক। পাল্টাপাল্টি কর্মী সম্মেলন ঘিরে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ বিশ্বাসের বাড়িতে বোমা হামলা হয়। এ ঘটনায় পুলিশ রাতেই হাসু, মোস্তাক ও রাজা নামের তিনজনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.