২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিক ঠকিয়ে পোষাক শিল্পে স্থিতি সম্ভব নয়'

শ্রমিক ঠকিয়ে পোষাক শিল্পে স্থিতিশীল অবস্থা বজায় রাখা সম্ভব নয় উল্লেখ করে এ শিল্প স্থিতিশীল রাখতে সরকার ও মালিকদের প্রতি সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 03:33 PM

Updated : 24 Aug 2022, 08:20 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক ঠকিয়ে পোষাক শিল্পে স্থিতিশীল অবস্থা বজায় রাখা সম্ভব নয় উল্লেখ করে এ শিল্প স্থিতিশীল রাখতে সরকার ও মালিকদের প্রতি সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। ঢাকা রিপোটার্স ইউনিটিতে শনিবার আয়োজিত এক গোলটেবিল বৈঠকে সংগ্রাম পরিষদের সদস্য সচিব মো. বাহারানে সুলতান বাহার এ দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, অগ্নিকান্ড বা ভবন ধসে নিহত প্রতি শ্রমিক পরিবারকে কমপক্ষে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান, আহত শ্র্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা, পঙ্গু শ্রমিকদের পুনর্বাসন, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দায়ী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, ট্রেড ইউনিয়ন অধিকার দেওয়া, শ্রম অধ্যাদেশ বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন ও বাস্তবায়ন এবং নূন্যতম পাঁচ হাজার টাকা মজুরী প্রদান। 'কর্মস্থলে পোষাক শ্রমিকদের জীবনের নিরাপত্তা, মজুরী পুনঃনির্ধারণ, ট্রেড ইউনিয়ন অধিকার, পোষাক শিল্পের সংকট ও সমাধান' শীর্ষক এ বৈঠকের আয়োজন করে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। বৈঠকে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক বলেন, "পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ না থাকলে কোনো শিল্প টিকে থাকে না। শ্রমিক ও মালিকদের মধ্যে পারস্পরিক আস্থাবোধ ও সর্ম্পক উন্নয়নে আমরা কাজ করছি।" পোষাক শিল্পে ট্রেড ইউনিয়ন করায় কোনো বাধা নেই জানিয়ে তিনি বলেন, "সব কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ রয়েছে।" ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে শ্রমিক নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "ট্রেড ইউনিয়ন করার কারণে কোন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়নি।" পোষাক শিল্পে আন্দোলনের নামে যারা ভাংচুর ও সহিংস কর্মকান্ডে জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন বলেন, "পোষাক শিল্পে অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।" বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেন, "দেশে আইনের শাসন বলে কিছু নেই। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়ে আর শ্রমিকদের বেতন বাড়ানোর সময় নানা অজুহাত।" ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, "শ্রমিকদের ন্যায্য মুজরী না দিয়ে, ট্রেড ইউনিয়ন অধিকার হরণ করে এ শিল্পে স্থিতিশীল অবস্থা বজায় রাখা সম্ভব নয়।" অবিলম্বে দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকার ও মালিক পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, শ্রমিক কর্মচারি সংগ্রাম পরিষদের সমন্বয়ক শাহ আতিউল ইসলাম, শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম খান, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক সালাউদ্দিন স্বপন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য মোখলেছুর রহমান, গণ সংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২১১৬ঘ.