ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মানুষকে প্রেক্ষাগৃহমুখী করতে এগুলো সংস্কার ও আধুনিকায়ন করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শিশুদের মেধা-মননের বিকাশে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণের জন্যও নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শনিবার ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
শেখ হাসিনা বলেন, দেশের পুরনো প্রেক্ষাগৃহগুলোর সংস্কার করে আধুনিক করতে হবে। হলের পরিবেশ যাতে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হয়, সবাই যেন পরিবার-পরিজন নিয়ে বড় পর্দায় সিনেমা দেখতে পারে, তা নিশ্চিত করতে হবে।
আবহমান বাংলার শ্বাশত রূপ সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানান তিনি।
শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়ে হাসিনা বলেন, শিশুদের মেধা মনন, চরিত্র গঠন যেন সুন্দর ও বলিষ্ঠ হয় সেদিকে লক্ষ রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে।
উম্মুক্ত আকাশ সংস্কৃতির যুগে দেশের চলচ্চিত্র কঠিন প্রতিযোগিতার সম্মুখীন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এ প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে হলে মেধা ও মননের চর্চা, প্রযুক্তিগত উৎকর্ষ ও সুস্থ চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতার বিকল্প নেই। এ জন্য আমদের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুতে হবে।"
তিনি বলেন, চলচ্চিত্র অধ্যয়ন, নির্মাণ, গবেষণার সুযোগ সম্বলিত আধুনিক পূর্ণাঙ্গ ফিল্ম আর্কাইভ, ফিল্ম মিউজিয়াম ও ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা একান্তভাবে প্রয়োজন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
চলচ্চিত্রে অশ্লীলতা বন্ধে নির্মাতাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, বলেন প্রধানমন্ত্রী।
পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, "আমি আশা করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার চলচ্চিত্রের সুস্থ ধারা নির্মাণে এ শিল্পে মেধাবী ও দেশপ্রেমীদের এগিয়ে আসতে অনুপ্রেরণা যোগাবে।"
মোট ২৩টি শাখায় মোট ২৪ জন ২০০৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৯২৫ ঘ.
bdnews24