গোপালগঞ্জ, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ১৯৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, "পাকিস্তান ক্ষমা না চাইলে দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব থেকে যাবে। একই কারণে দু'দেশের কূটনৈতিক সম্পর্কেরও কোনো উন্নতি হবে না।"
শনিবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর এস. জে. উচ্চ বিদ্যালয় মাঠে কৃষকদের মধ্যে কৃষি ভর্তুকির টাকা বিতরণকালে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, পাকিস্তানি বাহিনী তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ও শাসক ইয়াহিয়া খানের নির্দেশে বাংলাদেশে খুন, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগ করেছিল। সে কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের এখনো দূরত্ব রয়ে গেছে।
মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান রবিউল আলম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তুকির টাকা বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউদ্দিন আহম্মেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ রায়হান, কৃষি কর্মকর্তা চণ্ডিদাস কুণ্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24