২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীরা এখন ভোলায়: বিএনপি

ভোলা-৩ এর উপনির্বাচনে সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে সারাদেশ থেকে সন্ত্রাসীদের সেখানে জড়ো করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2010, 07:06 AM

Updated : 24 Aug 2022, 08:21 PM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ এর উপনির্বাচনে সরকারদলীয় প্রার্থীকে বিজয়ী করতে সারাদেশ থেকে সন্ত্রাসীদের সেখানে জড়ো করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। তারা বলছে, ওই আসনের ৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ভোটের দিন সেগুলো দখলের পাঁয়তারা চালানো হচ্ছে। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। সেখানে আওয়ামী লীগের পক্ষে লড়ছেন নূরুন্নবী চৌধুরী শাওন। বিএনপির প্রার্থী হয়েছেন হাফিজউদ্দিন আহমেদ। ওই আসনে বিএনপি সেনা মোতায়েনের দাবি জানিয়ে এলেও নির্বাচন কমিশন না প্রত্যাখ্যান করেছে। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "ঢাকাসহ সারাদেশ থেকে খুনি-সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করতে ভোলায় ঢুকছে। এরা সংখ্যায় অনেক। এরা বিভিন্ন কেন্দ্র দখল করতে পারে বলে আমাদের প্রার্থীর আশঙ্কা।" তবে কারা ঢুকছে এবং তাদের সংখ্যা কত তা স্পষ্ট করেননি বিএনপি নেতা। রিজভী বলেন, "ভোলায় এক ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ রকম অবস্থায় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় বাড়ছে।" বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হয়েছে দাবি করে বিএনপির দপ্তর সম্পাদক বলেন, তবে প্রতিবিধানে কোনো ব্যবস্থা এখনো দেখিনি। ভোলায় মোট ৬৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৬টি ঝুঁকিপূর্ণ বলে তিনি দাবি করেন। এর মধ্যে লালমোহন উপজেলায় ৩০টি এবং তজুমদ্দিন উপজেলায় ১৬টি। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বর্তমানে ভোলায় আছেন। তিনি শুক্রবার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি মেনে নেওয়া হবে না। নির্বাচনী বিধি ভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। তবে রিজভী বলছেন, আওয়ামী লীগ প্রার্থী বিধি লঙ্ঘন করে চলেছেন। বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, "লালমোহন বালিকা বিদ্যালয়ে বিএনপির কর্মীসভার একশ গজ দূরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের প্রার্থীকে কটূক্তি করে স্লোগান দিয়েছে। "গাজারিয়াসহ বিভিন্ন স্থানে বড় আকৃতির রঙিন নৌকা প্রতীক স্থাপন ও রঙিন ব্যানার টাঙানো হয়েছে। তিন থেকে চারটি মাইক ব্যবহার করে সরকারদলীয় প্রার্থী প্রচার চালাচ্ছে।" এর বিরুদ্ধে ইসি কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে দলের সহদপ্তর সম্পাদক আরসাদুল করিম শাহিন ও আবদুল লতিফ জনিও উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির এসব অভিযোগের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ শুক্রবার ওই নির্বাচনী এলাকায় এক পথসভায় বলেন, "পরাজয় হবে বুঝতে পেরে বিএনপি একটি ইস্যু তৈরির উদ্দেশ্যে আগে থেকেই এসব অভিযোগ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.