গাইবান্ধা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বখাটের উৎপাতে এবার আত্মহত্যা করেছে গাইবান্ধার এক মাদ্রাসা ছাত্রী।
গত সপ্তাহে রাজধানীর খিলগাঁও এলাকার এক ছাত্রী বখাটের উৎপাত সইতে না পেরে আত্মহত্যা করে।
এর দুদিন পর কিশোরগঞ্জে এক বখাটে আরেক স্কুলছাত্রীকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ছাত্রী মারা যায়।
শুক্রবার দুপুর ১টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিশ্চিতপুর গ্রামের নুরিনা আক্তার (১৪) আত্মহত্যা করে বলে জানিয়েছে থানার ওসি হাসান ইমাম।
পুলিশ রাত ৮টার দিকে বাড়ির একটি ঘর থেকে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় নুরিনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নুরুন্নবী মিয়ার মেয়ে নুরিনা পাাশের পলাশবাড়ী উপজেলার গিরিধারীপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
পরিবারের বরাত দিয়ে সাদুল্লাপুর থানার ওসি হাসান ইনাম বলেন, দীর্ঘদিন ধরে নুরিনা আক্তারকে একই গ্রামের আবদুল গোফ্ফার মিয়ার বখাটে ছেলে শাহারুল ইসলাম নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। মাদ্রাসায় যাওয়া-আসার পথে সে প্রেমের প্রস্তাব দিত।
নুরিনা বিষয়টি তার বাবাকে জানালে তিনি শাহারুলের বাবা ও বড়ভাইকে তা জানান।
শাহারুল বৃহস্পতিবার বিকালে নুরিনাদের বাড়ি গিয়ে তাকে ডেকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় শাহরুল তাকে গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় নুরিনার বাবা নুরুন্নবী মিয়া সাদুল্লাপুর থানায় একটি মামলা (নম্বর ০৯) করেছেন।
গত শনিবার ঢাকার খিলগাঁওয়ে বখাটের উৎপাতে আত্মহত্যা করে দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণী ছাত্রী উম্মে কুলসুম ইলোরা (১৪)।
এর দু'দিন পর সোমবার রাতে কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি এলাকার দশম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার পিংকির অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
তার পরিবারের অভিযোগ, প্রতিবেশি এক বখাটে পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/০০১৭ ঘ.
bdnews24