২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা হলেই ভোট নেওয়া বন্ধ: সাখাওয়াত

ভোলা উপনির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা দেখা গেলে সেখানে ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 08:18 PM

ভোলা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা উপনির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা দেখা গেলে সেখানে ভোট নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, "নির্বাচনের সময় সকল কর্মকর্তা নির্বাচন কমিশনের অধীন। কারো কোনো গাফিলতি সহ্য করা হবে না। কেউ গাফিলতি করলে সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করা হবে।" শুক্রবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সভায় সাখাওয়াত হোসেন এ কথা বলেন। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে (তজুমদ্দিন-লালমোহন) উপনির্বাচন হবে। পুলিশকে না জানিয়ে প্রার্থীরা জনসভা করতে পারবেন না। এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনকে কঠোর হতে বলেন। নির্বাচন কমিশনার সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং প্রয়োজনে পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন পুলিশ সুপানিটেনডেন্টকে। সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সব ধরনের পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে দু'জন বিচারককে নিয়ে ইলেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী রোববার (১১ এপ্রিল) থেকে কার্যক্রম শুরু করবে বলে তিনি জানান। ওই দুই বিচারকের জন্য লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় কার্যালয়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। সাখাওয়াত আরো বলেন, নির্বাচনী এলাকায় প্রত্যেক ইউনিয়নে নির্বাচন কমিশনের দু'জন প্রতিনিধি ১৯ এপ্রিল থেকে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কমিশন ব্যবস্থা নেবে। নির্বাচনের দিন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে ১২টিতে নির্বাচনী কার্যক্রম ভিডিও করা হবে বলে সাখাওয়াত জানান। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, জেলা রিটার্নিং অফিসার মো. নূরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার এসএন নজরুল ইসলাম প্রমুখ। এম সাখাওয়াত হোসেন শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার ঝুঁকিপূর্ণ পাঁচটি কেন্দ্র পরিদর্শন করবেন। এছাড়া তজুমদ্দিন ও লালমোহন উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পৃথক সভা করারও কথা রয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়। ভোলা-৩ আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. নূরুন্নবী চৌধুরী। বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিজয়ী হন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন। নির্বাচন তার প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে আদালতে অভিযোগ করেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ উদ্দিন আহম্মেদ। আদালত জসিমকে অযোগ্য বলে রায় দেওয়ার পর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগের মো. জসিম উদ্দিন। ২০০৪ সালের ৩১ আগস্ট সেনাবাহিনী থেকে জসিমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বাধ্যতামূলক অবসরের পর পাঁচ বছর পার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্র"য়ারি হাইকোর্ট তার সংসদ সদস্যপদ অবৈধ ঘোষণা করে। ওই রায়ের বিরুদ্ধে জসিম উদ্দিনের আবেদন ১৮ অক্টোবর খারিজ করে আপিল বিভাগ। গত ৩ ফেব্র"য়ারি নির্বাচন কমিশন ওই আসনটি শূন্য ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৫ ঘ.