ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার প্রধান আসামি একেএম রফিকুল ইসলামের (ওসি রফিক) বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগ এসেছে।
বৃহস্পতিবার আদালতে পুলিশ হেফাজতে থেকেই মোবাইলে মামলার একাধিক সাক্ষীর সঙ্গে ওসি রফিক কথা বলেছেন বলে বাদি সাইফুল ইসলাম দাবি করেছেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর কোর্ট হাজতে দায়িত্বরত উপপরিদর্শক হাবিবুর রহমান জানিয়েছেন।
ঢাকা কমার্স কলেজের ছাত্র ও জাসদ ছাত্রলীগের নেতা মোমিনকে উত্তর ইব্রাহিমপুরে তার বাড়ির সামনে ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর সন্ত্রাসীরা হত্যা করে।
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মতিঝিল থানার সাবেক ওসি রফিক এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মোমিনের পরিবারের অভিযোগ।
এ মামলায় বৃহস্পতিবার সাক্ষ্যগ্রহণের দিনে রফিককে কারাগার থেকে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতে হাজির করা হয়। এদিন সাক্ষ্য দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাবেক হাকিম আল আমিন এবং ননী গোপাল বিশ্বাস।
মোমিনের ভাই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষ্যগ্রহণের পর পুলিশ কনস্টেবল সোনা মিয়া ওসি রফিককে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের এজলাসে বসায়। সেখানে তার স্ত্রীর সঙ্গে খাওয়া-দাওয়া করেন রফিক। মোবাইল ফোনে বিভিন্ন জনের সঙ্গে কথাও বলেন।
বাদি সাইফুল বলেন, ঘটনাটি দেখে তিনি আদালতে থাকা হাবিলদার ইদ্রিসসহ কয়েকজন সাংবাদিকদের জানালে হাবিলদার ইদ্রিস রফিককে মোবাইলে কথা বলা বন্ধ করলেও মোবাইলটি জব্দ করেনি।
রফিকের মোবাইলে কথা বলা শুনেছেন দাবি করে সাইফুল বলেন, "তার (রফিক) পক্ষে সাক্ষী দিতে এলে যাতায়াত খরচ, লাঞ্চসহ বিশেষ সুবিধা দেওয়া হবে বলে তিনি মোবাইলে বলেছেন। এভাবেই ওসি রফিককে প্রতিটি ধার্য তারিখে পুলিশ বেআইনিভাবে সুযোগ-সুবিধা দেয়।
"এমনকি প্রতিটি ধার্য তারিখে ওসি রফিক হাতকড়া ছাড়াই স্ত্রীকে নিয়ে আদালতপাড়ায় বাজারও করেন।"
রফিককে আসামি করে মোমিনের পরিবার মামলা করলেও তাকে অব্যাহতি দিয়ে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলো। পরে বাদির নারাজি আবেদনে নতুন করে তদন্তের পর তাকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ওসি রফিকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি আইন ভেঙ্গে ওই কাজ করেছেন । এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।"
এসআই হাবিবুর রহমান বলেন, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তব্যরত পুলিশ কনস্টেবলের কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১২০ ঘ.
bdnews24