ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ের প্রধান ফটকে নির্মাণ কাজের জন্য বিকল্পপথ হিসেবে ৫ নম্বর ফটকটি আবার সাময়িকভাবে খুলে দেওয়া হচ্ছে।
এজন্য জাতীয় প্রেসক্লাব সংলগ্ন ওই ফটক বন্ধে দেওয়া প্রাচীরটি ভাঙ্গার কাজও শুরু হয়েছে।
সচিবালয়ের বিভিন্ন স্থাপনা রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুকোমল চাকমা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংস্কার, আধুনিকায়ন এবং নতুন পরীক্ষা যন্ত্র স্থাপন শেষেই আব্দুল গণি রোড সংলগ্ন ১ নম্বর ফটক খুলে দেওয়া হবে। তখন ৫ নম্বর ফটকটি আবারো বন্ধ করে দেওয়া হবে।
তিনি আরো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে ৫ নম্বর ফটক খুলে দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এরপর সেখানকার কিছু অবকাঠামো ভাঙ্গার কাজ শুরু হয়েছে। এগুলো ভেঙ্গে ফটকটি ব্যবহার উপযোগী করতে বেশ সময় লাগবে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সচিবালয়ের নিরাপত্তা এবং প্রেসক্লাব এলাকায় যানজট কমাতে ৫ নম্বর ফটকটি বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে মুক্তাঙ্গন এলাকার ৪ নম্বর ফটকটিও বন্ধ করা হয়। এরপর থেকে ১ ও ২ নম্বর ফটক সচিবালয়ে প্রবেশের জন্য ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ ভবনের উল্টো পাশে অবস্থিত ৩ নম্বর ফটক ব্যবহার হয় শুধু বাইরে যাওয়ার কাজে।
নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ এবং পূর্ত বিভাগের কর্মকর্তারা জানান, সচিবালয়ের প্রধান প্রবেশপথ হিসেবে ব্যবহৃত ১ নম্বর ফটকে ব্যাগ ও যানবাহনের বিস্ফোরকসহ ক্ষতিকারক বস্তু পরীক্ষার অত্যাধুনিক যন্ত্র স্থাপন এবং সৌন্দর্য্য বৃদ্ধিতে আধুনিক স্থাপত্যশৈলী সংযোজন করা হবে।
এজন্য প্রায় তিন থেকে চার মাস সময় লাগতে পারে। এ সরকার আসার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তা কার্যকর সম্ভব হয়নি। কাজ শেষ হওয়া পর্যন্ত বিকল্পপথ হিসেবে ৫ নম্বর ফটক ব্যবহার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/২২০৪ ঘ.
bdnews24