২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মাস পর চালু হতে পারে রাজধানীর দুশ পানির পাম্প

রাজধানীর ২শ' পানির পাম্প জেনারেটর দিয়ে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ডেভিড বার্গম্যান ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ২শ' পানির পাম্প জেনারেটর দিয়ে আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা চেয়ারম্যান। জেনারেটর স্বল্পতাই রাজধানীর বর্তমান পানি সমস্যার অন্যতম কারণ বলে জানান তিনি। ওয়াসা চেয়ারম্যান গোলাম মোস্তফা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যেই জেনারেটর কেনার দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। "বর্তমানে এটি সরকারের ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে," জানিয়ে তিনি বলেন, "এগুলো কিনতে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয় হবে।" তবে জেনারেটর দিয়ে পাম্প চালু করেই রাজধানীর পানির সমস্যা সামাল দেওয়া সম্ভব নয় বলে জানান মোস্তফা। ওয়াসার অধীনে ৫৪৬টি পাম্প রয়েছে। কিন্তু সেগুলোর মধ্যে ২৫৩টি পাম্পেই কোনো জেনারেটর নেই। যার কারণে বিদ্যুৎ সরবরাহ না থাকলে সেগুলো চালু রাখা সম্ভব হয় না। ক্রয় সংক্রান্ত অনুমোদন কমিটির আগামী সভা কবে হবে তা এখনো নির্ধারিত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথবা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে সভা হওয়ার কথা। ওয়াসা চেয়ারম্যান বলেন, "আজই কেনার অনুমোদন পাওয়া গেলে সেগুলো ৪ থেকে ৫ মাসের (আগস্ট-সেপ্টেম্বর) আগে ওয়াসার হাতে আসবে না। কেননা ওগুলো দেশের বাইরে থেকে কিনে আনতে হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পানি বিশেষজ্ঞ অধ্যাপক কাজী মতিন আহমেদ এ বিষয়ে বলেন, অনেক আগেই ওয়াসার জেনারেটর কেনার প্রক্রিয়া শুরু করা উচিৎ ছিল। তিনি বলেন, "প্রতিবারেই গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি দেখা দেয়। এ ধরনের পরিস্থিতির আশঙ্কা আমরা আগেই করেছি। সেজন্যে জেনারেটরগুলো এখন যথাস্থানে থাকা উচিৎ ছিল।" গত ৩১ মার্চ ওয়াসা চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পর্যাপ্ত জেনারেটর থাকলে পানি সমস্যা সহজেই মোকাবিলা করা সম্ভব। বুধবার তিনি বলেন, "উদ্ভূত পরিস্থিতি শুধু জেনারেটর দিয়েই সামাল দেয়া সম্ভব নয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডই কেবল এ সমস্যা সমাধান করতে পারে। "জেনারেটর ২৪ ঘণ্টা চালু রাখা যায় না, পাশাপাশি জেনারেটর দিয়ে পূর্ণশক্তিতে পাম্প চালু রাখা সম্ভব হয় না। জেনারেটর এ পরিস্থিতি থেকে উত্তরণে সহায়ক হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিবি/সিআর/পিডি/১৭১৬ ঘ.