২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিক্ষুব্ধ কৃষকের ইউএনও অফিস ভাংচুর

বিদ্যুতের ঘটতিতে জমিতে সেচ দিতে না পেরে বিক্ষুব্ধ কৃষকরা বুধবার সকালে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 02:21 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

নওগাঁ, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের ঘটতিতে জমিতে সেচ দিতে না পেরে বিক্ষুব্ধ কৃষকরা বুধবার সকালে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ভাংচুর করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাপাহার থানার ওসি আব্দুর রফিক বলেন, বেলা ১১টার দিকে ইউএনও কার্যালয়ে মাসিক আইনশৃৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা চলছিল। এ সময় বিদ্যুতের অভাবে জমিতে সেচ দিতে না পারা কয়েক শ' কৃষক উপজেলা পরিষদ চত্বরে ঢুকে বিক্ষোভ ও ইউএনও কার্যালয় ঘেরাও করে। এ সময় কৃষক প্রতিনিধি মোস্তফা মেম্বার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম শাহ চৌধুরী বিষয়টি ইউএনওকে জানান। তখন ইউএনও রশিদুল মান্নাফ কবির বিষয়টি নিয়ে নওগাঁ পল্লী বিদু্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ সাপাহারে বিদ্যুৎ সরবরাহে অপ্রতুলতার কথা জানান। এ সংবাদ শুনে কৃষকরা ইউএনও কার্যালয়ের দরজা, জানালা ভাংচুর করে। পরে সাপাহার থানার ওসি আব্দুর রফিক ও স্থানীয় নেতৃবৃন্দ উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নওগাঁ পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিকাল ৩টার দিকে সাপাহারে এসে কৃষকদের সঙ্গে নিয়ে মাঠ পরিদর্শনে যান। ইউএনও অফিস ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫০ ঘ.