২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আলমকে হয়রানি না করার নির্দেশ

পুরান ঢাকার ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে (শাহ আলম) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2010, 12:21 PM

Updated : 24 Aug 2022, 08:15 PM

ঢাকা, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পুরান ঢাকার ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন হত্যা মামলায় বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে (শাহ আলম) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বসুন্ধরা চেয়ারম্যানের একটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়। আদালত আদেশে বলেছে, ওই হত্যা মামলায় আগামী ১১ এপ্রিল বক্তব্য দেওয়ার জন্য শাহ আলমকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হাজির হতে হবে। তবে জিজ্ঞাসাবাদের সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না। তাকে এমন কোনো প্রশ্ন করা যাবে না যার জবাব এ মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। আহমেদ হোসেন হত্যাকাণ্ডের তথ্য যাচাই-বাছাইয়ে বসুন্ধরার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ এপ্রিল পুলিশের গোয়েন্দা শাখা আগামী ১১ এপ্রিল তাদের কার্যালয়ে হাজির হতে তাকে নোটিশ পাঠায়। এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের শুনানি শেষে আদালত ওই আদেশ দেয়। তবে আদালত নোটিশের কার্যকারিতা স্থগিত করেনি। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে আশ্বস্ত করেন যে, শাহ আলমকে জিজ্ঞাসাবাদের সময় হয়রানি করা হবে না। শাহ আলমের পক্ষে রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, পুলিশ শাহ আলমকে হয়রানি ও নির্যাতনের জন্য এ নোটিশ দিয়েছে। এর জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, খুনিদের অর্থায়নকারী নাজিমুদ্দিন চেয়ারম্যানের দেওয়া তথ্য যাচাইয়ের জন্য শাহ আলমকে তলব করা হয়েছে। হাইকোর্টের আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, ১১ এপ্রিল বা তারপরে বসুন্ধরা চেয়ারম্যানকে এ মামলায় আইনগত প্রক্রিয়া ছাড়া গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। তবে ডিবি কার্যালয়ে হাজির হওয়ার নোটিশের কার্যকারিতা স্থগিত করা হয়নি। গত ৯ ফেব্র"য়ারি রাতে আলুবাজার বড় মসজিদের সামনে গুলিতে নিহত হন ৭০ নম্বর ওয়ার্ড কমিশনার আহমেদ হোসেন। আহমেদ কমিশনার হত্যাকাণ্ডের পর ডাকাত শহীদের চাঁদা সংগ্রাহক শহীদুল ইসলাম বিদ্যুৎকে গত ২৮ মার্চ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশ মূল হত্যাকারী কাউসার আহম্মেদ ও শুভাড্ডা ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজিমউদ্দিনকে গ্রেপ্তার করে। বিদ্যুৎ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাশেদ কবিরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার অন্য দুজন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিআর/এইচএ/১৮১৩ঘ.