ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরখান এলাকায় ধর্ষিত হয়েছে পৌনে তিন বছর বয়সি একটি শিশু।
শিশুটিকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ধর্ষিত শিশুর মা আমবাগান বড়বাগ এলাকার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। ওই বাড়ির পাশের বাড়িতেই মঙ্গলবার দুপুরে তার মেয়ে ধর্ষণের শিকার হয় বলে জানিয়েছেন তিনি।
মেয়েটির মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বাড়িতে তিনি কাজ করতে যাওয়ার সময় মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বেলা ৩টার দিকে ওই বাড়ির পাশের বাড়ির একটি কক্ষে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি।
শিশুটিকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা শিশু হাসাপাতাল নিয়ে গেলেও তারা ভর্তি করেনি বলে অভিযোগ করেন তার মা।
মঙ্গলবার রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বুধবার দুপুরে তাকে নেওয়া হয় ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক সালাউদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অপারেশনের পর শিশুটির রক্তক্ষরণ বন্ধ হয়েছে, তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।"
শিশুটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে বলে জানান তিনি।
শিশুর মামা মো. খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে তারা চিহ্নিত করতে পারেনি।
এ বিষয়ে পুলিশ কী ব্যবস্থা নিচ্ছে- জানতে চাওয়া হলে উত্তরখান থানার ওসি মো. নাজমুল ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুর অভিভাবকরা মামলা করবেন বলে জানিয়েছেন।
অপরাধীকে চিহ্নিত এবং গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24