২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মালয়শিয়ায় শ্রমিকদের বৈধতায় তৎপর বাংলাদেশ'

মালয়শিয়ায় অবৈধভাবে কর্মরত বাংলাদেশিদের বৈধতা দিতে সরকার তৎপর বলে মঙ্গলবার জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 03:55 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়শিয়ায় অবৈধভাবে কর্মরত বাংলাদেশিদের বৈধতা দিতে সরকার তৎপর বলে মঙ্গলবার জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী প্রকৌশলী খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লিবিয়াগামী বাংলাদেশি চিকিৎসক ও নার্সদের ব্রিফিং অনুষ্ঠানে শ্রম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী একথা বলেন। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান আজুর বেঙ্গল লি. এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব ও মালয়েশিয়া। কিন্তু এসব বাজারে এখন আর লোক পাঠানো যাচ্ছে না।" এর কারণ হিসেবে মোশাররফ বলেন, "অনেক ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা চাহিদার তুলনায় বেশি লোক সেখানে পাঠিয়েছে। ফলে সেখানে বাজারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।" "বিগত সরকারগুলো এদিকে নজর না দেওয়ায় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে," বলেন তিনি। তিনি বলেন, "মালয়েশিয়ার বাজারে শ্রমিক পাঠানো বন্ধ থাকলেও সরকার সেখানে ইতোমধ্যে যাওয়া শ্রমিকদের বৈধতা দেওয়ার জন্য তৎপরতা চালাচ্ছে।" ওই অবৈধ শ্রমিকদের যেন দেশে ফিরে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেজন্য "নতুন শ্রমিক পাঠানোর চেয়ে সেখানে থাকা শ্রমিকদের বৈধতা দেওয়াই গুরুত্বপূর্ণ," বলেন মোশাররফ। তিনি জানান, ২০০৭-০৮ অর্থবছরে মালয়েশিয়ায় ছয় লাখের বেশি শ্রমিক গেছে। বর্তমানে সেখানে শ্রমিক পাঠানো বন্ধ রয়েছে। সৌদি আরবে ২২ লাখ শ্রমিক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, "সেখানেও শ্রমিক পাঠানো বন্ধ আছে।" প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের পর সেখানে শ্রমিক পাঠানোর একটি সম্ভাবনা আবারো দেখা দিয়েছে বলে জানান তিনি। বিদেশে গিয়ে আটকে পড়া অথবা কারা-হাজতে থাকা শ্রমিকদের বিষয়ে মোশাররফ বলেন, "তাদের ব্যাপারে সরকারের দুটি পথ খোলা রয়েছে। তাদের ফিরিয়ে আনা অথবা বৈধতা দেওয়া। "সরকার বৈধতার বিষয়ে কাজ করছে।" আজুর বেঙ্গল বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিনশ চিকিৎসক এবং আড়াইশ নার্স পাঠাচ্ছে লিবিয়ায়। তারা লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সরকারি হাসপাতালগুলোতে কাজ করবেন। চিকিৎসকরা ৪৮ হাজার থেকে এক লাখ ৬৫ হাজার টাকা এবং নার্সরা ৩৫ হাজার নয়শ ৪০ থেকে ৪৮ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়াও স্থানীয় আরো কিছু সুযোগ সুবিধা পাবেন তারা। মন্ত্রী বিদেশে শ্রমিক পাঠানোর আগে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ও আজুর বেঙ্গলের ফজলুল হক কমল বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৫৩ ঘ.