২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডপ্রাপ্তদের দেশে আনতে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা

বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ অন্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে গঠিত সরকারি টাস্কফোর্স এব্যাপারে তাদের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 01:06 PM

Updated : 24 Aug 2022, 08:13 PM

ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ অন্য অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনতে গঠিত সরকারি টাস্কফোর্স এব্যাপারে তাদের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রীর সভাপতিত্বে টাস্কফোর্সের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। টাস্কফোর্সের ৯ সদস্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি ও স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে আইন মন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ অন্যান্য মামলায় অভিযুক্তদের ফিরিয়ে আনার বিষয়ে করণীয় নির্ধারণ করতেই প্রথম বৈঠক করলাম আমরা। আগামীতে টাস্কফোর্সের কার্যপরিধি নির্ধারণে বৈঠক হবে।" যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে টাস্কফোর্স কাজ করছে কিনা জানতে চাইলে মন্ত্রী এ বিষয়ে সুষ্পষ্ঠভাবে কিছু বলতে চান নি। টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, এটর্নি জেনারেল, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহা পরিদর্শক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহা পরিচালক। ১৯৯৬ সালের ১৫ অক্টোবর গঠিত টাস্কফোর্স বাতিল করে গত ২৮ মার্চ সরকার এই টাস্কফোর্স পুনর্গঠন করে। এ টাস্কফোর্সের কাজ হলো- বিদেশে পালিয়ে থাকা আসামীদের তালিকা করা, যথাযথ সূত্র ব্যবহার করে তাদের অবস্থান চি‎িহ্নত করে আসামীদের দেশে ফিরিয়ে আনার উপায় নির্ধারণ এবং ফেরত আনার কার্যক্রম তদারকী করা। এছাড়া আসামীরা ইতোমধ্যে বিদেশে নাগরিকত্ব নিয়ে থাকলে তাদেরকে ফিরিয়ে আনার উপায় নির্ধারণও করবে টাস্কফোর্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/১৮৫৭ ঘ.