ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজা পাওয়া মামলায় মঙ্গলবার আত্মসমর্পণের পর তারেক জিয়ার ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
দুপুর ১২টার দিকে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ জেসমিন আনোয়ারের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চান।
বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করেন। বিকাল পৌনে ৪টার দিকে এ আদেশ দেওয়া হয়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৮ মে ১১১ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহীনা এবং তার স্বামী মামুনের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহীম।
এর মধ্যে ৪ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া যায় শাহীনার মালিকানায়।
ওই বছরেরই ২৪ অক্টোবর তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
২০০৮ সালের ২৭ মার্চ মামলার রায় ঘোষণা করা হয়।
রায়ে মামুনকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ জরিমানা এবং শাহীনাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ মামলায় মামুন হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আলম তালুকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এমএসবি/১৫৫১ ঘ.
bdnews24