রাজবাড়ী, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাটের কাছে মঙ্গলবার দুপুরে ট্রাকচাপায় এক মা ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাদের এক আত্মীয়।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং প্রায় এক ঘণ্টা মহসড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলেন- জেলেখা (৩০) ও তার মেয়ে টুকটুকি (৬)।
আহত লিটন (২২) জেলেখার ভাইয়ের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের বাড়ি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বড়চৌবাড়িয়া গ্রামে।
পাংশা থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলেখা তার মেয়ে টুকটুকি ও ভাতিজা লিটনকে নিয়ে বোয়ালিয়ার এক আত্মীয়র বাড়ি থেকে ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন।
তিনি বলেন, দুপুর ১২টার দিকে বাংলাদেশ হাটের কাছে পেছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়। লিটন গুরুতর আহত হন।
এসআই আমিনুল জানান, দুর্ঘটনার পরপর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে মহাসড়কটি অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কটিতে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪২৫ ঘ.
bdnews24