রাজশাহী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর তানোর উপজেলায় পাঁচ মাসের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের ঝিনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তানোর থানার ওসি এসএম বজলুর রশিদ।
গ্রেপ্তারকৃত মহিলা হলেন- মেরিনা আক্তার।
তিনি বলেন, রোববার রাতে স্বামী আতাউর রহমানের সঙ্গে মেরিনার ঝগড়া করে মেয়ে সুমাইয়াকে হত্যা করে বাড়ির পাশের একটি সেফটিক ট্যাংকে ফেলে রাখে।
পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি সুমাইয়ার লাশ দেখিয়ে দেন।
জিজ্ঞাসাবাদে মেরিনা পুলিশকে বলেছেন- পারিবারিক কলহের জের ধরে মেয়েকে তিনি হত্যা করেন।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
সোমবার মেরিনাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৪ ঘ.
bdnews24