২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগনেতা গ্রেপ্তার: পুলিশ প্রত্যাহার, মামলা

যুবলীগ নেতাকে মারধর ও গ্রেপ্তারের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর থানার উপ-পরিদর্শক আবু জাফরকে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 05:40 PM

Updated : 24 Aug 2022, 08:10 PM

সাতক্ষীরা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতাকে মারধর ও গ্রেপ্তারের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর থানার উপ-পরিদর্শক আবু জাফরকে সোমবার রাতে প্রত্যাহার করা হয়েছে। একই দিন এই কর্মকর্তা ও থানার ওসিসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করেছে ওই নেতার পরিবার। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মুশফিকুর রহমান রাত ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুবলীগ নেতা গ্রেপ্তারের পর উদ্ভূত পরিস্থিতিতে আবু জাফরকে প্রত্যাহার করে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম হুমায়ূন কবিরের আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি করেন গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা আব্দুল কাদেরের ভাগ্নে শেখ জহির ইকবাল। মঙ্গলবার এ ব্যাপারে আদেশ দেওয়া হবে। মামলায় আসামি করা হয়েছে ওসি ফজলুর রহমান ও উপ-পরিদর্শক আবু জাফরসহ পাঁচ পুলিশকে। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কালিগঞ্জ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেনকে গণপিটুনি দেওয়ার ঘটনায় শনিবার উপজেলা যুবলীগ সভাপতি আবদুল কাদের ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এ খবর শুনে সংগঠনের নেতাকর্মীরা মধ্যরাতে থানা ঘেরাও করে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তাকে রাতেই সাতক্ষীরায় পাঠিয়ে দেয়। রোববার যুবলীগ নেতা কাদের ও তার দুই সহযোগী আবদুল জলিল ও শহীদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয, রোববার রাতে উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কাদের মামলার হওয়ার বিষয়টি জানতে শ্যামনগর থানায় গেলে উপ-পরিদর্শক আবু জাফর তাকে মারধর করেন এবং চোরাচালানসহ বিভিন্ন মামলায় হাজতে পাঠানোর হুমকি দেন। এ সময় তার কাছ থেকে সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন আবু জাফর। থানার ওসিও তাকে মারধর করেন। এতে তার ডান হাতের দুটি আঙুল ভেঙে যায় এবং একটি চোখ নষ্ট হয়ে যেতে বসেছে। আব্দুল কাদের, তার দুই সহযোগী আবদুল জলিল ও শহীদের বিরুদ্ধে শনিবার করা একটি মামলার বাদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোশারফ হোসেন। অপর মামলার বাদি থানার উপ-পরিদর্শক আবু জাফর। এদিকে ওই দু'ই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের দেওয়া ৪৮ ঘণ্টার সময়সীমা মঙ্গলবার ভোর ৬টায় শেষ হবে। এছাড়া সোমবার দুুপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা এবং সন্ধ্যায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে আবারো ওসিকে অপসারণ করার দাবি জানানো হয়। শ্যামনগর থানার ওসি ফজলুর রহমান দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কালিগঞ্জ সার্কেলের পরিদর্শক মোশাররফ হোসেনকে বংশীপুরে এক মাদক বিক্রেতার চায়ের দোকানে মারধর করেন আব্দুল কাদের। পরে শ্যামনগর থানায় আব্দুল কাদেরের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষুদ্ধ হন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩৬ ঘ.