২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে নিহত ৪

জেলার তিন উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 04:51 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার তিন উপজেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে রাউজান উপজেলার চারা বটতল এলাকায় বাস চাপায় মারা গেছেন এক মটরসাইকেল আরোহী। চন্দনাইশ উপজেলার বরমা নামক স্থানে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী মারা গেছেন। আহত হয়েছেন আরো চারজন। হাটহাজারী উপজেলার কুয়াইশ বুড়িশ্চর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন আরো তিনজন। রাউজান থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান পৌরসভার অদূরে চারা বটতল এলকায় বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন মোটরসাইকেল আরোহী জাহেদ হোসেন (২৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন অপর আরোহী বাবলু দে (২০)। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক ও এর চালক তৌহিদ হোসেনকে গ্রেপ্তার করেছে। চন্দনাইশ থানার ওসি নূর মোহাম্মদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে বরমা ডিগ্রি কলেজের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরমুখী যাত্রীবাহী একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী বাঁশী দাশ (৪০) ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে অটোরিকশাচালক মোসলেম মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত আরো চার যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ওসি বলেন, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়েছে। হাটহাজারী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, কুয়াইশ বুড়িশ্চর এলাকায় দুপুর ১২টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। এদের মধ্যে মোহাম্মদ ইয়াছিন (৩০) নামের এক অটোরিকশা যাত্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত ইকবাল (৩০), জাহাঙ্গীর (৩৫) ও শেফালী বেগম (২৮) হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/২২৪৯ ঘ.