২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুৎ পরিকল্পনা' জানালেন প্রধানমন্ত্রী

বর্তমান বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি জোট ও তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে এক্ষেত্রে বর্তমান সরকারের পরিকল্পনা সংসদে প্রকাশ করেছেন প্র্রধানমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 08:11 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান বিদ্যুৎ সঙ্কটের জন্য বিএনপি জোট ও তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করে এক্ষেত্রে বর্তমান সরকারের পরিকল্পনা সংসদে প্রকাশ করেছেন প্র্রধানমন্ত্রী। সোমবার সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ''বিদ্যুৎ সমস্যা আমাদের সৃষ্টি নয়। ক্ষমতায় এসেছি একবছর দুই মাস। জোট সরকারসহ তত্ত্বাবধায়ক সরকারের সাত বছরে এক ফোঁটাও বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি।" এ সমস্যা সমাধানে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, "জনগণকে একটু ধৈর্য ধরতে হবে।'' বিদ্যুৎ উৎপাদন বিষয়ে বর্তমান সরকারের নেওয়া স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বিস্তারিত আকারে তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের আটটি স্থানে রেন্টাল (ভাড়াভিত্তিক) প্রকল্প স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, "সরকারি ও বেসরকারি উদ্যোগে ২০১৫ সালের মধ্যে নয় হাজার দুশ ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। "এর মধ্যে চলতি বছর সরকারি উদ্যোগে তিনশ ৬০ মেগাওয়াট ও বেসরকারি উদ্যোগে তিনশ ৪২ মেগাওয়াট," বিদ্যুৎ উৎপাদন হবে বলেন প্রধানমন্ত্রী। ২০১১ সালে সরকারি এক হাজার একশ ২০ মেগাওয়াট ও বেসরকারি ৫০ মেগাওয়াট, ২০১২ সালে সরকারি তিনশ ২৫ মেগাওয়াট ও বেসরকারি ছয়শ ৪৪ মেগাওয়াট, ২০১৩ সালে সরকারি সাতশ ২৫ মেগাওয়াট ও বেসরকারি এক হাজার ৫০ মেগাওয়াট, ২০১৪ সালে সরকারি সাতশ ২০ মেগাওয়াট ও বেসরকারি ছয়শ মেগাওয়াট এবং ২০১৫ সালে সরকারি ও বেসরকারি উদ্যোগে এক হাজার তিনশ মেগাওয়াট করে মোট দুই হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানান হাসিনা। এছাড়া ভারত থেকে দুইশ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে দেশে বিদ্যুৎ লাইনসহ স্থাপনা নির্মাণের কাজ চলতি বছরের জুন মাসে শেষ হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, "এ কাজ শেষ হলে ভারত থেকে ২০১২ সালে দুইশ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আনা যাবে।" একই সঙ্গে ভারত থেকে যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কথা উল্লেখ করেন তিনি। বিদ্যুতের চাহিদার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "প্রতিদিন চাহিদাও বাড়ছে ১০ ভাগ। গত সাত বছরের চাহিদা আমাদের ওপর এসে পড়েছে। এরকম কঠিন সমস্যার মধ্যে আমরা পড়েছি।" শেখ হাসিনা সৌর বিদ্যুৎ ব্যবহারে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান। গ্যাস সংকট সমাধানে বিদেশ থেকে সরকার এলএমজি আমদানি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। স্পিকার আবদুল হামিদের অধিবেশনে সভাপতিত্ব করেন। গত ৪ ফেব্র"য়ারি সংসদের এই অধিবেশন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএইচসি/জেএফ/পিডি/২১৩৮ ঘ.