সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বিদ্যুৎ ঠিকমতো না পাওয়ায় আইপিএস কিনেছিলাম। কিন্তু এখন যেহারে বিদ্যুৎ যায়, তাতে আইপিএসের চার্জ ফুরিয়ে যায়। আবার চার্জ করার সুযোগ পাই না। এখন বাধ্য হয়ে দুটা চার্জার ফ্যান আর লাইট কিনতে এসেছি। এগুলো অন্তত কম সময়ে চার্জ হবে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আফরোজা পারভীন। মিরপুর শেওড়াপাড়ায় একটি ইলেকট্রনিক্সের দোকানে চার্জার ফ্যান ও লাইট কিনতে এসেছিলেন তিনি।
মদিনা ইলেকট্রনিক্সের মালিক জয়নাল আবেদীনও জানালেন এসব পণ্যের চাহিদা বাড়ার কথা। "মার্চে ৩৪০টি চার্জার ফ্যান বিক্রি করেছি। লাইট বিক্রি হয়েছে তার চেয়ে বেশি", বলেন তিনি।
বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা ইউনুস রহমানও সেখানে এসেছিলেন কেনাকাটা করতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সারাদিন অফিস করে বাসায় এসে বিশ্রাম নেব, তার উপায় নেই। ঘরে ফিরে দেখি বিদুৎ নেই। রাতে আরো তিনবার বিদ্যুৎ যায়। ফলে ঘুম হয় না। সারারাত নির্ঘুম কাটিয়ে সকালে আবার অফিস। ফলে ঠিকমতো কাজও করতে পারি না।"
তেজগাঁওয়ে একটি দোকানে চার্জার লাইট কিনতে এসেছিলেন ইকবাল আশরাফ। তার এক মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
তিনি জানান, তার বাসায় দুটি আইপিএস থাকলেও কাজ হচ্ছে না। এখন বাধ্য হয়ে চার্জার লাইট কিনছেন।
বিদ্যুৎ সঙ্কট রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, বাসাবো, পুরান ঢাকা, যাত্রাবাড়ীতে চরম আকার ধারণ করেছে।
মিরপুরের শাহ আলী বাগের বাসিন্দা সরোয়ার আলম জানান, দুই ঘণ্টা পর পর লোডশেডিং হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না।
"বিদ্যুৎ একবার গেলে চার ঘণ্টার আগে আসে না। কখনো কখনো তা আবার এক-দেড় ঘণ্টা পরই চলে যায়", বলেন তিনি।
কর্তৃপক্ষের ভাষ্য
বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন ও সরবরাহে ঘাটতি থাকার কথা স্বীকার করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, "চাহিদার তুলনায় ঘাটতি থাকার কথা অস্বীকার করার তো উপায় নেই। বিশেষ করে গ্যাস সঙ্কটের কারণে অনেক প্লান্ট ঠিকমতো চালানো যাচ্ছে না। তাই আমরা লোড ম্যানেজমেন্ট করে চাহিদা পূরণের চেষ্টা করছি।"
তিনি জানান, কয়েকটি সার কারখানার গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে দিয়ে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি গ্রাহকরা বিলাসিতার জন্য বিদ্যুৎ কম খরচ করলে সঙ্কট কিছুটা হলেও কমে আসতো।
দেশে রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৫৩০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন হয় ৩৯৭০ মেগাওয়াট। সোমবার চাহিদা ধরা হয়েছে ৫৪০০ মেগাওয়াট। এরই মাঝে নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সোমবার দুপুরে আগুন লাগায় কেন্দ্রের ২১০ মেগাওয়াটের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ধানমন্ডি, মোহাম্মদপুর, তেজগাঁও মগবাজার থেকে দক্ষিণ এলাকা ও নারায়ণগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
রোববার ডিপিডিসি এলাকায় চাহিদা ছিলো ১২০০ মেগাওয়াট। সরবরাহ ছিলো ৬৩৩ মেগাওয়াট।
এছাড়া ডেসকোর (মিরপুর, শ্যামলী, গুলশান, বাড্ডা ও ঢাকার উত্তর এলাকা এবং টঙ্গী) ৫৮৫ মেগাওয়াটের চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ২৬০ মেগাওয়াট।
এ বিষয়ে ঢাকা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ বলেন, "গ্যাস সঙ্কটের আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।"
তিনি জানান, আগে অনেক কারখানা বা শিল্প প্রতিষ্ঠান গ্যাস জেনারেটর দিয়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতো। এখন গ্যাস সমস্যার কারণে তারা সেটি করতে পারছে না। এ বিষয়টিও বিদ্যুতের ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি করেছে।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ বলেন, "চাহিদার তুলনায় আমাদের সরবরাহ অনেক কম। এখন নানাভাবে ব্যবস্থাপনা করতে হচ্ছে। সরবরাহ না বাড়লে সমস্যা থেকে বের হওয়া কঠিন।"
আড়াই হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) পাচ্ছে ১২ থেকে সাড়ে ১২শ' মেগাওয়াট।
আরইবি চেয়ারম্যান ভুইয়া সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। তাই দিয়ে কোনোমতে কৃষকদের ম্যানেজ করতে হচ্ছে। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে।"
উপেক্ষিত নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ যন্ত্র ব্যবহারের ওপর গত ৩০ মার্চ কড়াকড়ি আরোপ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
তাদের নির্দেশ অনুযায়ী- সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত হাসপাতাল ও হোটেল-রেস্তোরাঁ ছাড়া কোনো সরকারি, বেসরকারি বা ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো যাবে না। রাত ১১টার পর থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত এর তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না বলেও নির্দেশ রয়েছে তাদের।
তবে বিদ্যুৎ সাশ্রয়ে এ নির্দেশ এখনো খুব কার্যকর প্রভাব ফেলতে পারেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক সালেহ বলেন, "ঢাকায় গরমের সময় বাড়তি দেড়শ' মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে। এর ২৫ মেগাওয়াট হতে পারে ফ্যানের জন্য; বাকিটা এসির জন্য। সেক্ষেত্রে নির্দেশের পর খুব একটা পরিবর্তন যে এসেছে তা মনে হয় না।"
এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আলমগীর বলেন, "এখনো এটি হয়তো তেমন কার্যকর হয়নি। তবে বিদ্যুৎ ব্যবহারে সবাই সচেতন হলে নিশ্চয়ই তা পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে।"
দুই ঘণ্টা অন্তর লোডশেডিংয়ের সিদ্ধান্তে পরিবর্তন আসছে
দুই ঘণ্টা অন্তর লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় সিদ্ধান্তটি কিছূটা পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান।
তিনি বলেন, "দুই ঘণ্টা পরপর বিদ্যুৎ দেওয়া আমাদের লাইনের জন্য কিছূটা ভালো। এতে ঘন ঘন ফেজ পরিবর্তন করতে হয় না।
"তবে এতে বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পাচ্ছি। বিশেষ করে রাতের বেলায় গরমে সমস্যা হওয়ার অভিযোগ। এ কারণে সিদ্ধান্তটি কিছূটা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত রোববার সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত দুই ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হয়। পরে রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ১ ঘণ্টা পর পর লোডশেডিং দেওয়া শুরু হয়েছে।
বিদ্যুৎ নেই বলে পানিও নেই
বিদ্যুৎ না থাকার কারণে ওয়াসার পাম্পগুলো থেকে ঠিকমতো পানি তোলা যাচ্ছে না। ফলে পানির সরবরাহ কমে গেছে।
এমন অবস্থায় যখন পানি পাওয়া যায় তখন বিদ্যুৎ না থাকায় নিজেদের ট্যাংকিতেও পানি ভরতে পারছেন না অনেক বাড়ির মালিক।
মোহাম্মদপুরের এক বাড়ির মালিক মনোয়ার হোসেন বলেন, "ঠিক যখন ওয়াসার পানি আসে, তখন বিদ্যুৎ থাকে না। গত চার দিন ধরে পানিই টানতে পারছি না। নিজে থেকে ট্যাংকিতে যেটুকু পানি জমা হয়, তাতে একটা পরিবারেরই চলে না।
"আবার অল্প পানি থাকলে মটর চালিয়ে তা ছাদে তুলতে পারি না। কারণ মটর জ্বলে যাবে। ছয়তালা থেকে নেমে বালতিতে পানি তুলতে হচ্ছে।"
ওয়াসা কর্মকর্তারা জানান, তাদের ৫৪৬টি পাম্পের মধ্যে ২১৩টিতে জেনারেটর আছে। বাকিগুলো চলে বিদ্যুতে। কিন্তু ঠিকভাবে বিদ্যুৎ না পাওয়ায় সেগুলো দিয়েও পানি তোলা ও সরবরাহ করা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/২১২৮ ঘ.
bdnews24