২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবন রক্ষায় যৌথ ইন্দো-বাংলা ফোরাম

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সুন্দরবনকে রক্ষায় বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করবে। এ লক্ষে দুই দেশ রোববার একটি যৌথ সুন্দরবন ইকো-সিস্টেম ফোরাম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2010, 04:48 PM

Updated : 24 Aug 2022, 08:09 PM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে সুন্দরবনকে রক্ষায় বাংলাদেশ ও ভারত একযোগে কাজ করবে। এ লক্ষে দুই দেশ রোববার একটি যৌথ সুন্দরবন ইকো-সিস্টেম ফোরাম প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। ভারতের পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ এবং বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ রোববার জানান, এ বিষয়ে উভয় দেশ ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। 'ভারত ও বাংলাদেশে সুন্দরবনে জলবায়ু পরিবর্তনের হুমকি' শীর্ষক এক আন্তর্জাতিক কর্মশালায় রমেশ বলেন, আগামী সেপ্টেম্বর নাগাদ এই যৌথ ফোরাম প্রতিষ্ঠার ব্যাপারে তিনি আশাবাদী। কর্মশালায় দুই পরিবেশ মন্ত্রীই বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সর্ববৃহৎ এই ম্যানগ্রোভ বন সুন্দরবন সবচেয়ে বেশী ঝুকির মুখে রয়েছে। এর সুরক্ষা ও সংরক্ষণ যৌথভাবে করা অপরিহার্য। প্রাকৃতিক সপ্তাশ্চর্যের নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট চাইতে রোববার দুদিনের সফরে কলকাতা যান পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। সফরশেষে ৬ এপ্রিল সকালে দেশে ফিরবেন প্রতিমন্ত্রী। সুন্দরবনকে সপ্তাশ্চর্যের মধ্যে রাখতে বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে ভোট সংগ্রহ করা হচ্ছে। সুন্দরবন বর্তমানে সপ্তাশ্চর্য নির্বাচনে চূড়ান্ত বিবেচনায় থাকা ২৮টি স্থানের মধ্যে রয়েছে। এ পর্যায়ে আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। প্রাথমিকভাবে বাছাই হওয়া তালিকায় সারা পৃথিবী থেকে ভোট পেয়ে সুন্দরবন টিকে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২২৩০ ঘ.