সুনামগঞ্জ, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় রোববার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এ আদেশ দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দোয়ারাবাজার থানার ওসি সাইদুর রহমান।
উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চমক চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক আব্দুল খালেক এর সঙ্গে জামায়াত সমর্থক উপজেলা চেয়ারম্যান আব্দুল কদ্দুছ ও বিএনপি সমর্থক দোহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরউদ্দিনের মধ্যে রোববার সকালে উপজেলার কালিউরি-বন্দেউরি হাওর রক্ষা বাঁধে কথা কাটাকাটি হয়।
এর জেরে বিকালে উপজেলা সদরে আব্দুল খালেকের লোকজন আব্দুল কদ্দুছ ও ফখরুদ্দিনের ওপর হামলা চালায়। এতে আহত আব্দুল কদ্দুছকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সন্ধ্যায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পাল্টাপাল্টি মিছিল করে। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৫০ ঘ.
bdnews24