ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কংগ্রেসের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করেছে বিপ্লবী ওয়ার্কার্স কমিটি। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসেনি।
খন্দকার আলী আব্বাস সভাপতি এবং সাইফুল হক সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন বলে রোববার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
দুদিনের কংগ্রেস শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৬ জন পূর্ণ সদস্য এবং চার জন কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
পূর্ণ সদস্যরা হলেন-খন্দকার আলী আব্বাস, সাইফুল হক, নাসিরুদ্দীন আহমেদ নাসু, রাজা মিয়া, আবদুস সালাম, বহ্নিশিখা জামালী, শিবলুল বারী রাজু, দিলীপ সরকার, রফিকুল ইসলাম লাকী, মোখলেসুর রহমান, খন্দকার মোসলেউদ্দীন, বেবী আব্বাস, আকবর খান, আবু হাসান টিপু, মনিরুল হক ও সেকেন্দার হোসেন।
বিকল্প চার সদস্য হলেন- লুৎফুন্নেসা আঁখি, রাশিদা বেগম, মীর মোফাজ্জেল হোসেন মোশতাক ও যুবরান আলী জুয়েল।
কংগ্রেসে পার্টি গঠনতন্ত্রে সংশোধনী এনে পলিটব্যুরোর পরিবর্তে সভাপতিমণ্ডলী গঠন করা হয়।
সভাপতিমণ্ডলীর ছয় সদস্য হলেন- খন্দকার আলী আব্বাস, নাসিরুদ্দীন আহমেদ নাসু, রাজা মিয়া, আবদুস সালাম, বহ্নিশিখা জামালী এবং শিবলুল বারী রাজু।
রাশেদ খান মেনন নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ভেঙে কয়েক বছর আগে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/২০৩০ ঘ.
bdnews24