২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশে দুগ্ধ উৎপাদনে তেমন অগ্রগতি হয়নি'

বাংলাদেশ সৃষ্টির পর এদেশে পশুসম্পদ তথা দুগ্ধ উৎপাদনে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে মনে করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2010, 02:32 PM

Updated : 24 Aug 2022, 08:07 PM

ময়মনসিংহ, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সৃষ্টির পর এদেশে পশুসম্পদ তথা দুগ্ধ উৎপাদনে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে মনে করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, "প্রতিবছর শত শত কোটি টাকার গুড়ো দুধ বা দুগ্ধসামগ্রী আমদানি করা হয়। এতে দেশের দুগ্ধ শিল্পের উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।" শনিবার ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুগ্ধ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'ইন্টারন্যাশনাল ডেইরি কনফারেন্স' এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশে এই প্রথম দুগ্ধ বিষয়ক সম্মেলন হচ্ছে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে তিনদিনের এ সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলন উপলক্ষে দুগ্ধ মেলারও আয়োজন করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত সম্মেলন ও মেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "সরকারের 'ভিশন-২০২১' বাস্তবায়ন ও 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের সফল বাস্তাবায়নের লক্ষ্যে বিদেশ থেকে গুড়ো দুধ আমদানি বন্ধ করতে হবে।" অনুষ্ঠানের বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, "আমাদের দেশে বছরে ১২ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদন হয় মাত্র দুই লাখ মেট্রিক টন দুধ, যা চাহিদার মাত্র ২০ শতাংশ পূরণ করে।" সভাপতির বক্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল বলেন, উন্নত দেশগুলোতে প্রতিবছর কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম। প্রতি বছর সরকারিভাবে এ ধরনের কার্যক্রম নেওয়া হলে কৃষি ও মৎস্যের মতো দুগ্ধ খাতও দ্রুত উন্নতি করতে পারবে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন প্রমুখ এরপর স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কৃষি অনুষদ ভবনের সামনে দুগ্ধ মেলার উদ্বোধন করেন। মেলায় দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কাজে নিয়োজিত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৩৭টি স্টল রয়েছে। এছাড়া দুগ্ধ উৎপাদন বিষয়ক বিভিন্ন তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি তথ্যকেন্দ্রও খোলা হয়েছে। সম্মেলনের উদ্বে^াধনী অনুষ্ঠানে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ভারত, নেপালের পাঁচ শ'রও বেশি বিজ্ঞানী, গবেষক, শিক্ষক, ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও খামারী উপস্থিত ছিলেন। পরে বিকাল ৫টা পর্যন্ত চলে কারিগরি অধিবেশন। এই অধিবেশনে মোট ২২টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২৪ ঘ.