মৌলভীবাজার, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার শহর থেকে শুক্রবার সকালে অপহৃত এক ব্যবসায়ীকে সন্ধ্যায় প্রেমনগর চা বাগান থেকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের রাসেল মিয়া (১৮) ও রবিউল ইসলামকে (১৮) আটক করা হয়।
সোহেল আহমদ নামের ওই ব্যক্তিকে অপহরণ করে তার পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানান র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী অধিনায়ক মো. জাকির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে শহরের শাহ মোস্তফা সড়কের বাড়ি থেকে পশ্চিমবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে (পুরাতন লোহা লক্কর) যাওয়ার পথে মাছের আড়ৎ এলাকা থেকে সোহেলকে অপহরণ করা হয়।
এরপর প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানে আটকে রাখে।
সোহেলের পরিবার বিষয়টি র্যাবকে জানালে সন্ধ্যা ৬টার দিকে প্রেমনগর চা বাগান থেকে তাকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে আটক করে।
তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সোহেল বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টেটায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24