ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও অক্সিজেনের অভাবে রাজধানীর একটি শিশু হাসপাতালে তিন শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে কদমতলী থানার মাতুয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউটে এই তিন শিশুর মৃত্যু হয়।
জনৈক আব্দুস সালামের তিন মাসের শিশুসন্তান হাসান সকাল পৌনে ১১টায়, শাহীন ও তাসলিমার ১ দিনের ছেলে সন্তান সকাল ৮টা ২০ মিনিটে ও নুরুল ইসলামের ৫ দিন বয়সী মেয়ে সন্তান সকাল সাড়ে সাতটায় মারা যায়।
কদমতলী থানার উপ-পরিদর্শক নিঝুম রায় জানান, "তিন শিশু মৃত্যুর খবর পেয়ে বিষয়টি তদন্ত করতে হাসপাতালে এসেছি। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তবে এখনো আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।"
তবে হাসপাতালে ভর্তি হওয়া অন্য শিশুর স্বজনরা বিদ্যুৎ ও অক্সিজেনের অভাবে শিশুরা মারা গেছে বলে দাবী করেছেন।
এক শিশুর বাবা এম এ তাহের আলী জানান, সকালে হাসানের বাবাকে অক্সিজেনের জন্যে ছোটাছুটি করতে দেখেছেন। তবে তিনি অক্সিজেন যোগাড় করতে পারেননি। এর কিছুপরে শিশুটি মারা যায়।
তিনি জানান, হাসপাতালে একটি বিকল্প জেনারেটর থাকলেও গত কয়েকদিন সেটি নষ্ট ছিল। অবশ্য বৃহস্পতিবার সেটি সারানো হয়।
এদিকে বিদ্যুৎ ও অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ নাকচ করে হাসপাতালের পরিচালক শাহ নেওয়াজ বিন সাবিব বলেন, শিশু তিনটির স্বাভাবিক মৃত্যু হয়েছে। হাসানের হৃদযন্ত্রে সমস্যা ছিল।
হাসপাতালে সবসময়ই অক্সিজেনের সরবরাহ থাকে বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/এইচএ/০০১৫ ঘ
bdnews24